সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলামের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মাইক্রোবাস, প্রাইভেট ও মিনি ট্রাকচালকেরা শহরের মাইক্রোস্ট্যান্ডে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, আবদুল কুদ্দুস, রমজান আলী, নজরুল ইসলাম, কায়েস, আলী আকবর, আমিনুর রহমান, আনার আলী, মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলাম যোগদান করার পর একের পর এক মাইক্রোবাস, প্রাইভেট ও মিনি ট্রাকচালকদের হয়রানি করছেন। তাঁকে মাইক্রোবাস ও প্রাইভেট কারপ্রতি মাসিক ৫০০ টাকা চাঁদা দিতে হয়। তারপরও তিনি গাড়ি রিকুইজিশনের ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে দুই হাজার থেকে তিন হাজার টাকা চাঁদা আদায় করছেন। জাহিদুলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সম্প্রতি সাতক্ষীরার চালকেরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পর তিনি তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন। চালকেরা অবিলম্বে সার্জেন্ট জাহিদকে অন্যত্র বদলিসহ তাঁর শাস্তির জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ নামের একটি সংগঠনের সাতক্ষীরা সদর থানা শাখার সহসভাপতি শফিকুল ইসলাম ১৬ নভেম্বর সার্জেন্ট জাহিদুল ইসলামের বিরুদ্ধে মহাপুলিশ পরিদর্শক বরাবর ডাকযোগে এক লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পেশায় তিনি একজন মাইক্রোবাস ও প্রাইভেট কারচালক। সাতক্ষীরায় শহরে ২৩০টি মাইক্রোবাস ও প্রাইভেট কার রয়েছে। প্রতিটি যানবাহন থেকে সাতক্ষীরায় সার্জেন্ট জাহিদুল ইসলামকে মাসিক ৫০০ টাকা করে চাঁদা দিতে হয়। কিন্তু সার্জেন্ট জাহিদুল বর্তমানে গাড়িপ্রতি এক হাজার টাকা চাঁদা দাবি করে তাঁদের হয়রানি করছেন। চাঁদার টাকা দিকে অস্বীকার করায় সার্জেন্ট প্রতি মাসে কমপক্ষে তিন থেকে চারবার গাড়ি রিকুইজিশনের নামে গাড়ির কাগজপত্র নিয়ে নিচ্ছেন। রিকুইজিশন না খাটলেও কাগজপত্র ফেরতের জন্য গাড়িপ্রতি কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকা আদায় করছেন। টাকা দিতে না চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
লিখিত অভিযোগে বলা হয়, এই চাঁদাবাজির টাকা প্রতি মাসে খুলনার উপমহাপুলিশ পরিদর্শক ৫০ হাজার ও সাতক্ষীরা পুলিশ সুপারকে ৪০ হাজার দিতে হয়। এই টাকা বাড়ি থেকে এনে দিতে পারব না উল্লেখ করে সার্জেন্ট জাহিদুল ইসলাম চালকদের বলেন, ‘হয় টাকা দিবি, না হয় গাড়ি নিয়ে রাস্তায় উঠবি না।’
সাতক্ষীরার ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলা কারাগার থেকে একজন জঙ্গিকে ঢাকায় পাঠানোর জন্য ১৬ নভেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি মাইক্রোবাস রিকুইজিশন করতে বলে। গাড়ি রিকুইজিশনের জন্য শফিকুল ইসলামের মাইক্রোবাসটি সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে দাঁড় করান তিনি। এর মধ্যে অন্য একটি ওষুধ কোম্পানির গাড়ি আসে। ওই গাড়িটি রিকুইজিশন করা হয়। পরে শফিকুল ইসলামের গাড়ি ছেড়ে দেওয়া হয়। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’