সালথায় আ.লীগ নেতা পিটুনির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আর এই যোগদান অনুষ্ঠানে পিটুনির শিকার হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলার ইসুবদিয়া গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, দেলোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। এখন তাঁকে পুলিশের পাহারায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। যোগাযোগের চেষ্টা করা হলেও ওহিদুজ্জামান ফোন ধরেননি। দেলোয়ারের ফোন বন্ধ পাওয়া গেছে। আওয়ামী লীগ সূত্র জানায়, গতকাল বিকেলে ওহিদুজ্জামানের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে ইসুবদিয়া খেলার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী। অনুষ্ঠানে ওহিদুজ্জামানসহ বিএনপির প্রায় ২০০ সমর্থক সংসদ উপনেতাকে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে সভা শুরু হলে মাঠে দেলোয়ার ও ওহিদুজ্জামানের সমর্থকদের মিছিলে গোলযোগ দেখা দেয়। এ সময় মঞ্চে উপবিষ্ট দেলোয়ার হোসেন মঞ্চ থেকে নেমে গোলযোগস্থলে গেলে পিটুনির শিকার হন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে অনুষ্ঠানে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব মাতুব্বরের সভাপতিত্বে সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী ও তাঁর ছেলে আইমন আকবর চৌধুরী বক্তব্য দেন। আইমন তাঁর বক্তব্যে বলেন, এলাকায় কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।