সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তঃসত্ত্বা এক নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রঙ্গরায়েরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের সাতটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্লার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মোল্লার বিরোধ চলে আসছিল।
ঘটনার তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, গ্রামের একটি জমির ওপর দিয়ে ভ্যান নেওয়াকে কেন্দ্র করে খায়রুজ্জামানের সমর্থক সোহেল মোল্লার সঙ্গে আবু জাফর মোল্লার পক্ষের মোহাম্মদ শিকদারের কথা-কাটাকাটির হয়। এর জের ধরে দুপুর ১২টার দিকে উভয় পক্ষের শতাধিক লোক সংঘর্ষে লিপ্ত হন। হামলা চালিয়ে ঘরে ভাঙচুর করা হয়।