সালথায় নিখোঁজ মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার
ফরিদপুরের সালথায় নিখোঁজ হওয়ার চার দিন পর রুহুল আমিন (২৫) নামের এক মোটরসাইকেলচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার আজলপট্টি গ্রামের একটি পুকুরের পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রুহুল আমিন উপজেলা সদরের খোলশাডুবি গ্রামের আক্কাছ মোল্লার ছেলে। তাঁর পরিবারের সদস্যরা জানান, রুহুল আমিন দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শনিবার সন্ধ্যায় তিনি সালথা বাজার থেকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে সোনাপুর বাজারের দিকে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। ঘটনার পরদিন রুহুল আমিনের বাবা সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, গতকাল সকালে আজলপট্টি গ্রামের একটি পুকুরের পাড় থেকে রুহুল আমিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, শনিবার রাতেই চালককে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করা হয়েছে।