সালথায় ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে এক পক্ষের ৫০ জন সমর্থকের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য টুকু ঠাকুরের বিরোধ চলছিল। গত বুধবার রাতে আলমগীর মিয়ার সমর্থক জিলু মোল্যার সঙ্গে টুকু ঠাকুরের সমর্থক মুসা কারিকরের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উভয় পক্ষের কয়েক শ সমর্থক সড়কি, টেঁটা, লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় আলমগীর মিয়ার বাড়িসহ উভয় পক্ষের সাতটি পরিবারের অন্তত ১০টি বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় আহত হয় ২০ জন। পরে গতকাল সকালে টুকু ঠাকুরের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আলমগীর মিয়ার সমর্থকদের বাড়ি বাড়ি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঘটনাস্থলে বৃহস্পতিবার থেকে পুলিশ মোতায়েন থাকলেও গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ব্যর্থ হয়। আলমগীরের সমর্থকেরাই এ হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার হন। এর মধ্যে মেসের মোল্যার পরিবারের ১০টি, কাসেম মোল্যার পাঁচটি, আমজাদের চারটি, ইউসুফ মোল্যা, বাদশা শেখ, রাজ্জাক শেখের তিনটি করে, কাউছার শিকদার ও মহসিন মোল্যার দুটি করে মোট ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আলমগীর মিয়া বলেন, ‘টুলু মিয়া তাঁর শ্যালক ইলিয়াছ কাজীর সহযোগিতায় আমার সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করেছেন।’
টুকু ঠাকুর বলেন, ‘আলমগীর মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন। তাই এলাকাবাসী তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তাঁর বাহিনী বাড়ি বাড়ি হামলা চালিয়েছে।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এ হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।