সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ফরিদপুরের সালথা উপজেলায় মুঠোফোনের মেমোরি কার্ড বেচাকেনা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
উপজেলার দাড়িয়াকান্দী গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই সংঘর্ষ চলে প্রায় তিন ঘণ্টা।
পুলিশ প্রথমে লাঠিপেটা করে ও পরে শর্টগানের ২১টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ফরিদ শেখ, মঙ্গল মোল্লা, মো. রাশেদ, মো. ইচাহাক, ওহিদ খান, মো. আর্শেদ, মো. রাকিবুল, নবীন শেখ, বাবুল মাতব্বর, অপু শেখ, ছালাম মাতব্বর ও বতু শেখ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতব্বরের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নুরুদ্দীন মাতব্বরের বিরোধ রয়েছে।
গত সোমবার বিকেলে মুঠোফোনের মেমোরি কার্ড বেচাকেনা নিয়ে ওয়াদুদ মাতব্বরের সমর্থক টুকু সরদারের সঙ্গে নুরুদ্দীন মাতব্বরের সমর্থক লাল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে গতকাল মঙ্গলবার সকালে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের সমর্থকেরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলে সকাল সাড়ে নয়টা পর্যন্ত। সংঘর্ষে আলী মাতব্বর, দুলাল মাতব্বর, খালেক মোল্লা, রাসেল শেখ, মজিবর রহমানসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
তাঁদের মধ্যে ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১৫টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন গতকাল বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ২১টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিবেশ এখন শান্ত। এখন পর্যন্ত মামলা হয়নি।