সালথায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার করা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে লিপ্ত হয়ে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার দায়ে গতকাল বৃহস্পতিবার চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন রামকান্তপুর গ্রামের আকরাম ঠাকুর, মুন্নু মোল্লা ও মাসুদ বিশ্বাসকে এক মাস করে এবং আবদুল হককে (৩৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রামে আধিপত্য বিস্তার করা নিয়ে আওয়ামী লীগ কর্মী শাহানুর বিশ্বাস ও কামাল হোসেন বিশ্বাসের মধ্যে বিরোধ চলছে। বুধবার সকালে রামকান্তপুর বাজারে কামাল পক্ষের রায়হান মোল্লার সঙ্গে শাহানুর পক্ষের ইদ্রিছের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের শতাধিক লোক ঢাল, সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।