সালথায় আবার আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ
ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১৭ জন আহত হয়েছেন। দুটি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ৯৩টি গুলি ছুড়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব মাতুব্বরের সঙ্গে একই গ্রামের মোফাজ্জেল মাতুব্বর ওরফে মোকা হাজির বিরোধ চলে আসছিল। মোফাজ্জেল মাতুব্বর এক বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। গত শনিবার বিকেলে সালথা বাজারের বটতলা এলাকায় ওহাব মাতুব্বরের সমর্থক জাহিদ মাতুব্বরের সঙ্গে মোফাজ্জেল মাতুব্বরের সমর্থক এসকেন্দার মাতুব্বরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই পক্ষ ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পাশের আটঘর ও রামকান্দপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১৭ জন আহত হন। তাঁদের মধ্যে ১০ জনকে পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মালেক মাতুব্বর ও ইসরাইল মাতুব্বরের বসতবাড়িতে ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ রাতে ওই গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে আটটি ঢাল জব্দ করে। এ সময় এ সংঘর্ষে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। গতকাল রোববার সকাল সাতটার দিকে ভাওয়াল গ্রামে দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে।