সালথায় ইউপি নির্বাচনের জেরে যুবলীগ নেতাকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সহসভাপতি খন্দকার সাজ্জাদ হোসেনকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত আটটায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাজ্জাদকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজ্জাদ হোসেন উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ বলেন, ‘আমি গত ইউপি নির্বাচনে যদুনন্দী ইউপি চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. রব মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচনে আমরা দুজনেই পরাজিত হই। নির্বাচনের পর আমি ঢাকায় বসবাস শুরু করি। আমার প্রয়াত চাচাশ্বশুর ওহাব খন্দকারের দোয়া মাহফিলে যোগ দিতে গত শনিবার রাতে আমি বাড়িতে আসি। রোববার রাতে আমি যদুনন্দী ইউনিয়নের বাজার এলাকায় এলে রব মোল্লার ছেলে ওহিদ মোল্লা, সাহিদ মোল্লা, পিকুল মোল্লা ও তাদের সহযোগী ফিরোজ মোল্লাসহ ৮-১০ জন আমাকে যদুনন্দী বাজার সেতু থেকে ধরে নিয়ে বাজারের হায়াতের সাইকেলের গ্যারেজে আটকে হাতুড়ি ও রড দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে বেদম প্রহার করে। এ সময় আমার চিৎকারে বাজারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে।’

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক কল্যাণ কুমার সাহা বলেন, ‘সাজ্জাদ আমার অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আবদুর রব মোল্লা বলেন, ‘সাজ্জাদকে পিটিয়ে আহত করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে তাঁর ছেলে বা সমর্থকেরা জড়িত নন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদকে উদ্ধার করি।’

সাজ্জাদ হোসেনকে উপজেলা যুবলীগের সহসভাপতি হিসেবে নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, ‘হামলার বিষয়ে আমি শুনেছি। তবে কেউ এখনো থানায় অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’