সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
আজ শুক্রবার সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত গট্টি ইউনিয়নের মেম্বর গট্টি, সিংহ প্রতাপ, বাগাট, নারায়ণপুর, কাউলিকান্দা, খোয়াড় ও বালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শটগানের ৮৯টি গুলি ও চারটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী, পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় আধিপত্য নিয়ে গট্টি ইউনিয়নের মেম্বর গট্টি গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. রফিক মাতুব্বরের সঙ্গে বাগাট গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ওরফে মোনায়েম কাজীর বিরোধ চলে আসছিল। রফিক মাতুব্বর জাতীয় সংসদের উপনেতা ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সাংসদ সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের সমর্থক। অপর দিকে, আশরাফুল আয়মন আকবরের বিরোধী অংশের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
আজ সকাল আটটার দিকে রফিক মাতুব্বরের ভগ্নিপতি ছলেমান কাজী মেম্বর গট্টি বাসস্ট্যান্ডে গেলে আশরাফুল ইসলামের কয়েকজন সমর্থক তাঁকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এর পরপরই আশরাফুলের সমর্থকেরা রফিক মাতুব্বর ও তাঁর কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা করে ভাঙচুর চালান। পরে সকাল ১০টার দিকে রফিক মাতুব্বরের সমর্থকেরা প্রতিপক্ষের কয়েকজনের বাড়িতে ভাঙচুর চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষও হয়। খবর পেয়ে সালথা থানা-পুলিশ, ফরিদপুর পুলিশ লাইনস থেকে অতিরিক্ত রিজার্ভ পুলিশ এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। এঁদের মধ্যে আলম মৃধা, দাউদ মৃধা, কোবাদ খালাসী, সুমন মাতুব্বর, সুরুজ খালাসী, মিরাজ শিকদার, সুজাত ব্যাপারী ও রুহুল মুন্সীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং কামাল মৃধা, সুজাত খালাসী ও বাছের মোল্লাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিজেকে আয়মন আকবরের সমর্থক পরিচয় দিয়ে মো. রফিক মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘আশরাফুল নিজে দাঁড়িয়ে থেকে আমার ভগ্নিপতি ছলেমান কাজীকে মেম্বর গট্টি বাসস্ট্যান্ডে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। আমরা পুলিশকে খবর দিয়েও পুলিশের কোনো সাহায্য পাইনি। পরে প্রতিপক্ষ আমার বাড়িসহ আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালালে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়।’
আশরাফুল ইসলাম ওরফে মোনায়েম কাজী প্রথম আলোকে বলেন, ‘পোলাপানে পোলাপানে প্রথমে গন্ডগোল লাগে। পরে বড় আকার ধারণ করে। আমি দাঁড়িয়ে থেকে রফিকের ভগ্নিপতি ছলেমান কাজীকে মারধর করিনি।’ যখন সংঘর্ষ হয়, তখন তিনি ঘুমাচ্ছিলেন বলে দাবি করেন আশরাফুল।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে রফিক মাতুব্বরের সঙ্গে আশরাফুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। ঢাল, সড়কিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পাঁচ শতাধিক লোক সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ শটগানের ৮৯টি গুলি ও চারটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে উভয় পক্ষের সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশের হাসান প্রথম আলোকে বলেন, আটক সাতজনের মধ্যে ছয়জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবারও ওই দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।