সালথায় দুই পক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত
ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে হাছেন সরদার (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাছেন সরদার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনার প্রতিবাদে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার রাতে রংরায়েরকান্দি গ্রামে হামলা চালিয়ে সাতটি বাড়ির ঘর ভাঙচুর করেছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্লার সমর্থকদের সঙ্গে সোনাপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর-ময়েনদিয়া সড়কের রংরায়েরকান্দী এলাকায় একটি বাস থেকে নামতে গিয়ে এক ব্যক্তি আহত হন। এরপর বাবু মোল্লার পক্ষের ভ্যানচালক হাছেন সরদারসহ স্থানীয় লোকজন বাসটি আটকের চেষ্টা করেন।
এ সময় বাসচালকদের পক্ষ নিয়ে প্রতিপক্ষ জাফর মোল্লার কিছু লোকজন হাছেনের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে হাছেন সরদার নিহত ও উভয় পক্ষের অন্তত ১০ আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত। নিহতের লাশ উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।