সালথায় মুক্তিযোদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে গোয়ালপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদের মোল্লার বাড়িঘর দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগুনে মুক্তিযোদ্ধা কাদের মোল্লার রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে এবং একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুক্তিযোদ্ধা আবদুল কাদের মোল্লা বলেন, ‘আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হাসান খান ওরফে সোহাগের চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় এবং তার বাবা যুদ্ধাপরাধী লিয়াকত আলী খানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমার ওপর ক্ষুব্ধ হয়ে সোহাগ খানের নির্দেশে আমার বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।’
অন্যদিকে আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান বলেন, ‘কাদের সম্প্রতি একটি হত্যা মামলার আসামি হয়েছেন। তিনি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। প্রতিপক্ষকে ফাঁসাতে তিনি নিজেই নিজের ঘরে আগুন দিয়েছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে আমি বা আমার লোকজন কোনোভাবেই জড়িত নয়।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি আরও বলেন, কাদের মোল্লা একটি হত্যা মামলার আসামি। প্রতিপক্ষকে বিব্রত করতে তিনি এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মুক্তিযোদ্ধার বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৩০ এপ্রিল সলথার গোয়ালপাড়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খানের বাড়িতে জিয়া শেখ (২৭) নামের এক ব্যক্তি নিহত হন। মুক্তিযোদ্ধা আবদুল কাদের মোল্লা ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
১ মে প্রথম আলোয়, ‘সালথায় আওয়ামী লীগের দুই পক্ষে দ্বন্দ্ব, চেয়ারম্যানের বাড়িতে হামলা, একজনকে হত্যা’ শিরোনামে এ-সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।