সালথায় সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু
ফরিদপুরের সালথা উপজেলার মুরটিয়া পুরাগুদি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হারুন মীর (৭২) গত শনিবার রাতে নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মারা গেছেন। এর জের ধরে গতকাল রোববার তাঁর পক্ষের লোকজন ১৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, উত্তেজিত মানুষ একই গ্রামের আফছার মীর ও তাঁর লোকজনের বাড়িতে হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকালে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৫ মার্চ একই গ্রামের আফছার মীরের সমর্থকদের সঙ্গে হারুন মীরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে হারুন মীর, তাঁর তিন ছেলে হাবিব মীর (৪৫), রফিক মীর (৩৫), রাজীব মীরসহ (৩২) ১০ জন আহত হন। তাঁদের প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানকার চিকিৎসকেরা হারুন মীরকে ছাড়পত্র দেন। তাঁকে আবার নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শনিবার রাত দুইটার দিকে তিনি মারা যান।
হারুন মীরের ভাগনে মিলন বলেন, মারাত্মক আহত অবস্থায় হারুন মীর, রফিক মীর, হাবিব মীর ও রাজীব মীরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকেই প্রতিপক্ষের লোকজন হাসপাতালে তাঁদের ভর্তি বাতিলের চেষ্টা করে। হাসপাতালের চিকিৎসকেরা দুবার ভর্তি বাতিল করলে লোকজন ধরে আবার ওই তিনজনকে ভর্তি করা হয়। সর্বশেষ শনিবার ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক দীপংকর কুমার ভর্তি বাতিল করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক দীপংকর কুমার বলেন, হারুন মীর ডান হাতের দুই আঙুলে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন। আঘাত সামান্য ছিল। এক দিন পরই তাঁর ভর্তি বাতিলের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু রোগীর লোকজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাত দিন রাখা হয়। শনিবার তিনি চলে যাওয়ার সময় সুস্থই ছিলেন। তিনি বয়োবৃদ্ধ ছিলেন, অন্য জটিলতায় তাঁর মৃত্যু ঘটে থাকতে পারে।