সালাম দিয়ে নিয়ে গেল সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্যার স্লামালিকুম। কেমন আছেন? অনেক দিন আপনার সঙ্গে দেখা হয় না। আমার বড় ভাই প্রায়ই আপনার কথা বলেন।’ আরেকটি রিকশা থেকে নেমে এসে বছর ত্রিশেকের লম্বা, ফরসা লোকটি কাজী আলিম-উজ-জামানকে বহনকারী রিকশাটির পথ আগলে দাঁড়ালেন। হতভম্ব আলিম-উজ-জামান কিছু বুঝে ওঠার আগেই পাশ থেকে আরও দুজন চলে এলেন। এরপর নিয়ে গেল মুঠোফোনটি।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর বঙ্গভবনের দক্ষিণ পাশে এ রকম অভিনব ছিনতাইয়ের শিকার হন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান। তিনি কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আসার জন্য দোলাইরপাড় থেকে রিকশায় শাহবাগ আসছিলেন।

আলিম বলেন, দুপুর সাড়ে বারটার দিকে রিকশাটি বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজের ফটক পার হয়ে বঙ্গভবনের পেছনের সড়কে আসার পরপরই তিনি এ ঘটনা শিকার হন। প্রথমজন আরেকটি রিকশা থেকে নেমে তাঁর রিকশাটি আটকে পেছনে সরে যান। সঙ্গে সঙ্গে বাঁ পাশে মধ্যবয়স্ক গোঁফওয়ালা একজন এসে বলেন, ‘আপনার কাছে এক লাখ টাকা আছে। আমরা এলাকার সন্তান। কখন কার কী বিপদ হয় কিচ্ছু বলা যায় না। যা আছে দ্রুত দিয়ে দেন।’

তখন আলিম বলেন, তাঁর কাছে তেমন কিছু নেই। মানিব্যাগ বের করে সাড়ে এগারো শ টাকা দেখান। মানিব্যাগ দেখে ছিনতাইকারী দলের একজন বলেন, ‘ছেড়ে দে, ছেড়ে দে।’

এ সময় ডান পাশ থেকে আরেকজন বলা শুরু করে, ‘এই বোমাটা কই। এখনই ফাটাস না।’ এরপর ডান পাশেরজন আলিমের পকেট থেকে মুঠোফোনটি বের করে নিয়ে যান। যাওয়ার সময় বলেন, ‘পেছনে তাকাবেন না। তাকালে শেষ।’

এক মিনিটের মধ্যে ঘটনাটি ঘটিয়ে চলে যায় ছিনতাইকারীরা।