সালাহ উদ্দিনকে নিয়ে 'ভুয়া' খবর দেওয়া দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ গাইবান্ধার খাটিয়ামারির চরে আছেন—পুলিশকে মুঠোফোনে ভুয়া এ খবর দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোখলেসুর রহমান ও আলীম সিকদার।
গতকাল রোববার ভোরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই দুজনকে আটক করে। আটক দুজন সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা বন্ধু।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে জানান, পত্রিকায় সালাহ উদ্দিন নিখোঁজের বিষয়টি জেনে ওই দুই যুবক গত বৃহস্পতিবার সন্ধ্যায় অলংকার মোড় এলাকা থেকে ঢাকার উত্তরা পশ্চিম থানার ফোনে (ল্যান্ডফোন) কথা বলেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারির চরে অসুস্থ অবস্থায় সালাহ উদ্দিন আহমদ পড়ে আছেন—এমন খবর থানাকে জানান তাঁরা। একপর্যায়ে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদের মুঠোফোন নম্বর কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাছে জানতে চান। তাঁদের পরিচয় জানতে চাইলে মুঠোফোনের লাইন কেটে দেওয়া হয়। যে নম্বর থেকে কথা বলা হয়, সেই নম্বরে থানার ওসি ফোন করেন। এরপর চরে অভিযান চালিয়ে সালাহ উদ্দিনের সন্ধান মেলেনি। ফোনটি চট্টগ্রাম থেকে করা হয়েছিল, তা শনাক্ত হওয়ার পর অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ।
তবে দুই যুবকের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে কি না—এমন প্রশ্নে ঢাকার উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম গতকাল রাতে এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান।
নগর ডিবি পুলিশের উপপরিদর্শক সন্তোষ চাকমা জানান, যে নম্বর থেকে ফোন করা হয়। পরে সিমটি নষ্ট করে ফেলা হয়। কিন্তু মুঠোফোনটি ব্যবহার করতে থাকেন তাঁরা।
গতকাল বিকেলে ডিবি কার্যালয়ে মোখলেসুর রহমান ও আলীম সিকদার বলেন, মোখলেস ওষুধের ব্যবসা করেন। আলীম গেঞ্জির ব্যবসা করেন। তাঁরা পরিকল্পনা করেন, নিখোঁজ সালাহ উদ্দিনের সন্ধান পেয়েছেন জানিয়ে তাঁর পরিবার থেকে চিকিৎসার কথা বলে টাকা নেবেন। কেন উত্তরা পশ্চিম থানায় ফোন করেছেন—এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, ওই থানায় জিডি করা হয়েছিল। থানার নম্বর কীভাবে পেয়েছেন—এমন প্রশ্নে তাঁরা বলেন, বিভিন্ন ডায়েরিতে থানার নম্বর রয়েছে। তাঁরা স্বীকার করেন, কয়েক মাস আগে পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি দেখে ফটিকছড়ির এক ব্যক্তির কাছ থেকেও মুঠোফোনে দুই হাজার টাকা নেন।
কে থানায় ফোন করেছিলেন—তা জানতে চাইলে একজন আরেকজনের ওপর দোষ চাপান।