সালিস অমান্য করায় গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে সালিস অমান্য করায় গত শনিবার এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
নির্যাতনের শিকার গৃহবধূ মোছা. জান্নাত বলেন, প্রায় পাঁচ বছর আগে পাঙ্গাশিয়ার আরশাদ উল্যাহ মিস্ত্রির সঙ্গে তাঁর বিয়ে হয়। বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে আরশাদ তাঁকে মারধর করেন। পরদিন বৃহস্পতিবার সকালে জান্নাত বাবার বাড়ি চলে যাওয়ার চেষ্টা করেন। পশ্চিম উমেদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেন তাঁর পথ রোধ করে বিষয়টি শনিবার সন্ধ্যায় মীমাংসা করার কথা বলে তাঁকে স্বামীর ঘরে পাঠিয়ে দেন। এর মধ্যে স্বামী আরশাদ ঘটনাটি এলাকার প্রভাবশালী মো. মামুন কমান্ডার নামের একজনকে জানান।
গৃহবধূ আরও বলেন, মায়ের অসুস্থতার খবর শুনে শনিবার বেলা ১১টার দিকে বাবার বাড়ি যাওয়ার পথে মামুন কমান্ডার পাঙ্গাশিয়ার পুল বাজারের মধ্যে পথ রোধ করে জনসমক্ষে তাঁকে বেধড়ক কিলঘুষি ও তলপেটে লাথি মারতে থাকেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসা করিয়ে তাঁকে স্বামীর ঘরে পাঠান।
এ ব্যাপারে মামুন কমান্ডার বলেন, কথা অমান্য করায় তিনি চড়-থাপ্পড় মেরেছেন। পরে সাংবাদিকেরা এ ঘটনা কেন জানলেন—এ প্রশ্ন তুলে মামুন আবার গৃহবধূকে মারধর করেন। সন্ধ্যায় ভাই রুবেল তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
গৃহবধূর স্বামী আরশাদ উল্যাহ বলেন, স্ত্রী কথা না শোনায় মোড়লদের কাছে বিচার চাইতে গিয়েছিলেন। বিচারের বদলে তাঁরা স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন।
ইউপি সদস্য আশরাফ হোসেন বলেন, ‘শুনেছি, ওই গৃহবধূ প্রভাশালী মামুন কমান্ডারের কাছে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন।’
জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক জেবুন্নেছা বলেন, ‘ইউপি ছাড়া বাইরের কোনো ব্যক্তি নারী নির্যাতন বা পারিবারিক কলহের সালিস করার বৈধতা রাখেন না। ওই গৃহবধূ আইনের আশ্রয় নিতে পারেন।’