কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সালিস চলছে। হঠাৎ চিৎকার-চেঁচামেচি। আফজাল হোসেন নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
শাহ আলী নামের ছাত্রলীগের এক নেতা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের সামনেই এ হামলা হয়। শাহ আলীকে ঘটনাস্থল থেকে চেয়ারম্যান আটক করেন। কিন্তু পরে তিনি কৌশলে পালিয়ে যান। গুরুতর আহত আফজালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘সালিস চলাকালে পেছন থেকে শাহ আলী দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। উপজেলা চেয়ারম্যান এসে আমাকে রক্ষা করেন। তা না হলে হয়তো ঘটনাস্থলেই আমাকে খুন করা হতো।’
জানতে চাইলে শাহিন আহমেদ বলেন, ‘আমরা সালিসের কাজে ব্যস্ত ছিলাম। অনেক লোকজন উপস্থিত ছিল। হঠাৎ পেছন থেকে চিৎকার শুনতে পাই। আফজালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন শাহ আলী। সেখান থেকে আফজালকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। আর শাহ আলীকেও আটক করি। কিন্তু সেখান থেকে সুকৌশলে শাহ আলী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সোনাকান্দা গ্রামের একাধিক বাসিন্দা বলেন, শাহ আলীর বাবা রোহিতপুর ইউপির সাবেক সদস্য আনোয়ার হোসেন কয়েক বছর আগে খুন হন। ওই হত্যা মামলায় একই গ্রামের আফজালও আসামি। বাবা হত্যার বদলা নিতেই শাহ আলী গতকাল এ ঘটনা ঘটিয়েছেন বলে তাঁদের ধারণা।
সন্ধ্যায় জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করতে থানায় আসেননি।’