সালিস বৈঠকে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে সালিস বৈঠকে এক গৃহবধূকে বেধড়ক পিটুনি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বেড়িখোলা এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম সাজেদা বেগম (৩০)। তিনি বেড়িখোলা এলাকার আমিনুল ইসলামের স্ত্রী। বিষয়টি জানার পর গত সোমবার রাতে ওই গৃহবধূকে তাঁর বড় ভাই মোশাররফ হোসেন আশঙ্কাজনক অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মোশাররফ হোসেন বাদী হয়ে সালিসের প্রধান মাতবর সামেস উদ্দিনকে একমাত্র আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন সাজেদা বেগম অভিযোগ করেন, কয়েক দিন আগে অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার অভিযোগ তুলে শাশুড়ি ও ননদ তাঁর মুঠোফোনটি নিয়ে যান। গত শনিবার তিনি তাঁর মুঠোফোনটি ননদের কাছ থেকে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। এ ঘটনায় তাঁর শাশুড়ি রোববার রাতে তাঁদের বাড়িতে পারিবারিক সালিস বৈঠক ডাকেন। ওই বৈঠকে তাঁর স্বামীর খালাতো ভাই ও ওই গ্রামের মাতবর সামেস উদ্দিন তাঁকে দোষী সাব্যস্ত করেন। পরে এই ঘটনায় তিনি বাঁশের লাঠি দিয়ে তাঁকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে তিনি তাঁর স্বামীর উপস্থিতিতেই পেটাতে পেটাতে তাঁকে ওই পুকুরের কাছে নিয়ে যান এবং পুকুরে নামিয়ে মুঠোফোনটি খুঁজতে বলেন। ওই গৃহবধূ দাবি করেন, তিনি অপরিচিত কারও সঙ্গে কথা বলেননি।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, ওই গৃহবধূর শরীরে লাঠি দিয়ে পেটানোর অনেকগুলো দাগ রয়েছে।
গৃহবধূর ভাই মোশারফ হোসেন অভিযোগ করেন, তাঁর বোনের স্বামী ওই মাতবরের কাছে ৫০ হাজার টাকা পান। ওই টাকা আদায়ের জন্য কয়েক দিন ধরে চাপ দিলে পারিবারিক সালিসে সুযোগ পেয়ে তিনি (মাতবর) তাঁর বোনকে নির্মমভাবে পেটান।
মাতবর সামেস উদ্দিন বলেন, মেয়েটি ভালো না। তাই স্বামীর মত নিয়েই তাঁকে সামান্যই মারা হয়েছে।
আপনার উপস্থিতিতে আপনার স্ত্রীকে পেটানোর সময় কেন আপনি প্রতিবাদ করেননি জানতে চাইলে ওই গৃহবধূর স্বামী আমিনুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’