সালিস বৈঠকে মা ও মেয়েকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে সালিস বৈঠকে মা ও মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা (৪৫) ও তাঁর মেয়ে জেসমিন আক্তার (২৫)। তাঁরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত রাজিয়া সুলতানা কদমতলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রিয়াজ হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা বলেন, খানাকুনিয়ারি গ্রামের মজিবুর রহমান শেখের ছেলে মারুফ শেখের সঙ্গে আট বছর আগে তাঁর মেয়ে জেসমিন আক্তারের বিয়ে হয়। ওই দম্পতির দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মারুফ জেসমিনের পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন। সম্প্রতি মারুফ ৫০ হাজার টাকা শ্বশুরবাড়ি থেকে এনে দেওয়ার জন্য জেসমিনকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। শনিবার বিকেলে খানাকুনিয়ারি ফাজিল মাদ্রাসার মাঠে বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠক ডাকেন দুই পক্ষের লোকজন। কিন্তু সালিসে বসার আগে কদমতলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রিয়াজ হোসেন জেসমিনকে গালাগাল শুরু করেন। এ সময় জেসমিন আক্তার রিয়াজ হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা-কাটাকাটির একপর্যায়ে রিয়াজ হোসেন জেসমিনকে চড়-থাপ্পড় মারতে মারতে মাটিতে ফেলে দিয়ে লাথি মারেন। এ সময় রাজিয়া সুলতানা মেয়েকে উদ্ধার করতে গেলে রিয়াজ হোসেন তাঁকেও মারধর করে চলে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

ইউপি সদস্য রিয়াজ হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে মারপিট করিনি। সালিস বৈঠকে দুই পক্ষ মারপিট করছিল। তখন আমি দুই পক্ষকে থামিয়ে দিয়েছি।’

কদমতলা ইউপির চেয়ারম্যান মো. হানিফ খান বলেন, ‘মারধরের বিষয়টি শুনেছি। সালিস বৈঠকে মারধর করা ঠিক হয়নি।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস গতকাল রোববার বিকেলে বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’