সালিসকারীদের পকেটে পৌনে তিন লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সালিস বৈঠকে অভিযুক্ত একজনের কাছ থেকে সালিসকারীরা প্রায় পৌনে তিন লাখ টাকা উৎকোচ নিয়েছেন।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ১৬ জুলাই সকালে সদর উপজেলার মোক্তার আলী (৫৫) শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করেন। দুপুরে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। মেয়ের কাছ থেকে ধর্ষণের বিষয়টি জেনে মা শিশুটিকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে খাওয়ান। এরপর শিশুটির পরিবার ঘটনাটি স্থানীয় মাতবর আবদুল খালেককে জানায়। গত বৃহস্পতিবার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান ওরফে রনি, অভিযুক্ত মোক্তার আলী, তাঁর বড় ভাই সোনামুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা খালেকের বাড়িতে সালিসে বসেন। এরপর মোক্তারকে চড়-থাপড় দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আট হাজার টাকা শিশুটির পরিবারকে দেওয়া হয় এবং ২২ হাজার টাকা পরে দেওয়া হবে বলে সালিসকারীরা জানান।
পরদিন সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল হোসেন ও ইউপি সদস্য মনিরুজ্জামান জেলা শহরের কয়েকজন যুবককে নিয়ে অভিযুক্ত মোক্তারের ভাই সোনামুদ্দিনের বাড়িতে আবার সালিসে বসেন। এ সালিসের বিষয়টি ভুক্তভোগী শিশুটির পরিবারকে জানানো হয়নি। সালিসে মোক্তারের কাছ থেকে নগদ এক লাখ টাকা এবং দেড় লাখ টাকার একটি চেক আদায় করা হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, ওই গ্রামের মোগর আলী (৬২), রাজন, সুজনসহ গ্রামের কয়েকজন যুবক মোক্তারের কাছে উৎকোচ দাবি করেন। এ ঘটনায় গত রোববার মোগর আলীকে মোক্তারের স্বজনেরা মারধর করেন। তাঁকে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন মোগর আলী বলেন, ধর্ষণের ঘটনায় প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এ নিয়ে তিনি কোনো মামলা করবেন না।
উজ্জ্বল হোসেন বলেন, সালিসের জরিমানার নগদ এক লাখ টাকা ও দেড় লাখ টাকার একটি চেক গচ্ছিত আছে। এ টাকা ভুক্তভোগী শিশুটির পরিবারকে দেওয়া হবে। মনিরুজ্জামান বলেন, কোনো টাকা আত্মসাৎ করা হয়নি। গচ্ছিত টাকা শিশুটির পরিবারকে দেওয়া হবে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, শিশুটির মা মামলা করতে অপারগতা প্রকাশ করায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।