সালিসে অন্তঃসত্ত্বা গৃহবধূকে চরিত্রহীন অপবাদ, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রামে সালিসে অন্তঃসত্ত্বা গৃহবধূকে চরিত্রহীন অপবাদ দেওয়া ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে তাঁর শাশুড়ি ও ননদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আকিবুল ইসলাম জানান, এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহবধূর বাবা লুৎফর রহমান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। প্রাথমিক তদন্তে ওই গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে গর্ভপাত ঘটানোর সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া গ্রাম্য মাতবরদের বিরুদ্ধে সালিস বসিয়ে গৃহবধূকে চরিত্রহীন অপবাদ দেওয়ার সত্যতা মিলেছে। ওই মামলায় গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম (৫০), ননদ আনারকলি (৩৫), গ্রাম্য মাতবর আবদুল জলিল (৫২) ও আফসার আলীকে (৫০) গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী সূত্র জানায়, চার বছর আগে পারিবারিকভাবে উপজেলার ভাটরা ইউনিয়নের দো-পুকুরিয়া গ্রামের বাবু মিয়ার (২৮) সঙ্গে পাশের ফিচকা গ্রামের আম্বিয়া খাতুনের (২২) বিয়ে হয়।
আম্বিয়ার বাবা লুৎফর রহমান অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকেই কারণে-অকারণে তাঁর মেয়ের ওপর শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সপ্তাহ খানেক আগে ছয় মাসের অন্তঃসত্ত্বা আম্বিয়ার বিরুদ্ধে পরকীয়ার অপবাদ আনেন শ্বশুরবাড়ির লোকজন। এ সময় দিনমজুর মেয়ের জামাই বাবু মিয়া কাজের জন্য অন্য জেলায় অবস্থান করছিলেন। তাঁর অনুপস্থিতিতেই তাঁরা ১০ নভেম্বর রাতে গ্রামে সালিস ডাকেন। ওই সালিসে গ্রামের মাতবররা আমার উপস্থিতিতেই মেয়েকে চরিত্রহীন অপবাদ দেন। এরপর তাঁরা আম্বিয়ার গর্ভের সন্তানকে অবৈধ বলেন। এরপর শাশুড়ি জাহানারা বেগম, ননদ আনারকলিসহ অন্যরা বাড়িতে আম্বিয়াকে বেদম মারধর করেন। ঘটনার এক দিন পর আম্বিয়াকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আম্বিয়ার গর্ভপাত ঘটে।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে বাবু মিয়া জানান, তিনি দিনমজুরি করতে বাড়ি থেকে অন্য জেলায় গেছেন। সালিস কিংবা স্ত্রীর গর্ভপাত ঘটানোর বিষয়ে তিনি কিছুই জানেন না।