সালিসে গৃহবধূকে মারধরের অভিযোগ
গ্রাম্য সালিসের নামে গ্রামবাসীর সামনে এক গৃহবধূকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও এক সংরক্ষিত নারী সদস্যের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও রুহিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, আখানগর ইউনিয়নের এক ব্যক্তি ইউপি সদস্য মনিরাম বর্মনসহ ১০ ব্যক্তির বিরুদ্ধে সালিসের নামে তাঁর স্ত্রীকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ এনে বৃহস্পতিবার সন্ধ্যায় রুহিয়া থানায় মামলা করেন। মামলার পর ওই দিন রাতেই অভিযান চালিয়ে পুলিশ মনিরাম বর্মন ও সংরক্ষিত নারী সদস্য তাহেরা বেগমের স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
ওই গৃহবধূর স্বামী বলেন, তিনি ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করেন। কাজের জন্য গত বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। এ সুযোগে গ্রামের লোকজন গত বুধবার দুপুরে তাঁর ঘরে এক লোককে ঢুকিয়ে দেয়। পরে তারা ওই লোকের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক রয়েছে বলে প্রচারণা চালায়। একপর্যায়ে তাঁদের বাড়ির পাশের একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনিরামের নেতৃত্বে সালিস বৈঠক ডাকা হয়। সালিসে তাঁর স্ত্রীকে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।
এ ঘটনায় একটি ভিডিও ক্লিপ জেলা শহরে ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার সকালে ওই ভিডিও ক্লিপে দেখা যায়, কয়েক শ নারী-পুরুষ ও শিশুর মাঝখানে দাঁড়িয়ে এক নারী কান ধরে ওঠবস করছেন। আর তা দেখে হাসিঠাট্টা করছে ওই নারীকে ঘিরে থাকা লোকজন।
গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সদর হাসপাতালে ওই গৃহবধূর সঙ্গে কথা হয়। তিনি বলেন, অপবাদ দিয়ে সালিসের নামে তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বিদ্যালয়ে নিয়ে যায় গ্রামবাসী। সেখানে নিয়ে মারধরের পর জমে থাকা পানিতে দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনার পর সদস্য তাঁর কাছ থেকে একটি সাদা কাগজে সই নেন।
এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক সুচরিতা দেব বলেন, অপরাধী হলেও কোনো নারীকে লোকজনের সামনে এভাবে কেউ কান ধরে ওঠবস করাতে পারেন না। এ ঘটনাটি খুবই দুঃখজনক।
এ ঘটনা সম্পর্কে অভিযুক্ত ইউপি সদস্য বলেন, অবৈধ সম্পর্কের অভিযোগে গ্রামবাসী ওই গৃহবধূর বাড়ি থেকে এক ব্যক্তিকে আটক করে। পরে গ্রামবাসীর অনুরোধে সালিস ডেকে আটক দুজনের বিচার করা হয়। কান ধরে ওঠবস করানো হলেও তাঁদের মারধর করা হয়নি।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, মামলার পর প্রাথমিক তদন্তে কয়েক শ লোকের সামনে ওই গৃহবধূকে বিদ্যালয়ের মাঠে দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করানোর ভিডিও ক্লিপ পাওয়া গেছে। গ্রেপ্তার ইউপি সদস্য ও নারী সদস্যের স্বামীকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।