সালিসে ডেকে নিয়ে লাঠিপেটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালিস বৈঠকে ডেকে নিয়ে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার নান্দাইল উপজেলায় এই ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম আবদুল মান্নান । তাঁর বাড়ি নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে। তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আবদুল মান্নান অভিযোগ করেন, গতকাল সকালে গ্রাম পুলিশ ইসমাইল তাঁকে বাড়ি থেকে ডেকে দেউলডাংরা গ্রামের রেনু মোল্লার চা-দোকানের সামনে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখেন সালিস বৈঠকের আয়োজন করা হয়েছে। সালিস ডেকেছেন দেউলডাংরা গ্রামের কিতাব আলী। ওই সালিসে বলা হয়, তাঁর (মান্নান) মেজ ছেলে বাহার উদ্দিন চার-পাঁচ দিন আগে কিতাব আলীর বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে এসেছেন। হঠাৎ ছেলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুনে মান্নান প্রতিবাদ করেন। এতে ওই সালিসে উপস্থিত আনিসুর নামের এক মাতবর তাঁকে লাঠিপেটা করেন।
মান্নান বলেন, গ্রামের লোকজনের সামনে শারীরিকভাবে নাজেহাল হওয়ায় লজ্জায় ও অপমানে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। এ সময় লোকজন ক্ষুব্ধ হয়ে উঠলে সালিস আয়োজনকারী ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যান।
মান্নান বলেন, তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। তাঁর ছেলে বাহার উদ্দিন ইটবাহী ট্রাকচালকের সহকারীর কাজ করেন। দুই বছর আগে কিতাব আলীর এক নাতনিকে বিয়ে করেন বাহার। প্রায় এক মাস আগে দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। মান্নানের অভিযোগ, ওই বিবাহবিচ্ছেদের ঘটনার প্রতিশোধ নিতে তাঁর ছেলের বিরুদ্ধে চুরিসহ নানা অভিযোগ আনা হয়েছে।
মান্নানের অভিযোগ প্রসঙ্গে কিতাব আলী বলেন, পাঁচ দিন আগে বাহার উদ্দিন দরজা ভেঙে তাঁর (কিতাব) ছেলের ঘরে ঢুকে ৭৫ হাজার টাকা চুরি করেন। কিতাব আলীর এক পুত্রবধূ অভিযোগ করে বলেন, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও বাহার উদ্দিন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। এখন তিনি বাড়িতে চুরি করেছেন। বাহারের দোষে তাঁর বাবা মান্নানকে মারধর করা হয়েছে কি না, জানতে চাইলে কিতাব আলী বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় লাঞ্ছিত ও আহত ব্যক্তি অভিযোগ দিলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।