সালিসে তরুণকে মারধরের জেরে চেয়ারম্যান অবরুদ্ধ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া সাঁওতালপল্লিতে গত মঙ্গলবার এক সালিস বৈঠকে এক সাঁওতাল তরুণকে মারধর করা হয়। এর জের ধরে সাঁওতাল সম্প্রদায়ের ক্ষুব্ধ লোকজন হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান শাহকে অবরুদ্ধ করে রাখেন। পরে মাসুদুর রহমানকে উদ্ধার করে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পার্বতীপুরের পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার সীমানাসংলগ্ন পাঁচপুকুরিয়া গ্রামের শালবাগান রামবিহার বৌদ্ধমন্দিরের চার শতক জমি নিয়ে পাঁচপুকুরিয়া ও নবাবগঞ্জের গিলাঝুকি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাসুদুর রহমান গত মঙ্গলবার বিকেলে উভয় পক্ষকে নিয়ে মন্দিরের কাছে এক সালিস বৈঠকে বসেন। সালিসের একপর্যায়ে সুকুমার হাসদা (২৮) নামের এক সাঁওতাল তরুণকে ডেকে পাঠান মাসুদুর রহমান। কিন্তু সুকুমার দেরি করে সালিসস্থলে আসার সঙ্গে সঙ্গে মাসুদুর রহমান তাঁকে মারধর শুরু করেন। সুকুমার পাঁচপুকুরিয়া গ্রামের পোটরা হাসদার ছেলে। এতে উপস্থিত সাঁওতাল সম্প্রদায়ের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে মধ্যপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ ও নবাবগঞ্জের কুশদহ ইউপির চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ চেয়ারম্যানকে উদ্ধার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল থেকে এলাকায় চেয়ারম্যানের বিচারের দাবিতে সাঁওতালদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরে ইউএনও তরফদার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিম ও থানার ওসি মাহমুদুল আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাসুদুর রহমান বলেন, ‘সুকুমার আমার পূর্বপরিচিত ও ঘনিষ্ঠ। তাই তাঁর বেয়াদবি সহ্য করতে না পেরে রাগের মাথায় তাঁকে দুটো চড় দিয়েছি।’