সালিসে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়ন পরিষদে (ইউপি) গত শুক্রবার রাতে এক সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ইউপি কার্যালয়ের দরজা-জানালা, কম্পিউটারসহ বিভিন্ন আসবাব ভাঙচুরের ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান সামসুল হুদা বলেন, ভাঙচুরের ঘটনায় পরিষদের প্রায় এক লাখ ২২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ১৩ বছর আগে খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে সামিনুর রহমানের (৩৫) সঙ্গে একই গ্রামের তমিজউদ্দিনের মেয়ে বিজলী আক্তারের (৩০) বিয়ে হয়। কিছু দিন ধরে সামিনুর ও বিজলীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে তাঁরা উভয়ে ইউপি চেয়ারম্যানের কাছে নালিশ করেন। শুক্রবার রাত আটটার দিকে ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সামসুল হুদা ও সাবেক চেয়ারম্যান ময়নুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে।
সালিসের একপর্যায়ে রাত নয়টার দিকে সামিরুলের বাবা মজিবর রহমান বিজলীর বাবার দিকে চেয়ার ছুড়ে মারলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইউপি কার্যালয়ের কম্পিউটার, প্রজেক্টর, চেয়ার, টেবিল, দরজা-জানালাসহ অন্যান্য আসবাব ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।