সালিসে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫
ফেনীর ছাগলনাইয়ায় বিয়ের কথা বলে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সালিসের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী তরুণী (২০)। পুলিশ রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে বুধবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে।
এই পাঁচজন হলেন ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত ছাগলনাইয়া উপজেলার ফজলুল করিম (২৪), তাঁর মা রেজিয়া বেগম (৫২), বোন রাবেয়া আক্তার (১৮), গ্রামের সালিসকারী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা আবুল হাসেম (৪৫) ও ইউপি সদস্য নরুল করিম চৌধুরী ওরফে সবুজ (৩৭)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফজলুল করিমের সঙ্গে একই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। বর্তমানে ওই তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তরুণী ফজলুলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। বিষয়টি ওই তরুণী এলাকার ইউপি সদস্য নরুল করিমসহ গণ্যমান্য ব্যক্তিদের জানান। মঙ্গলবার দুপুরে এটা নিয়ে সালিস বৈঠক হয়। বৈঠকে বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে ওই তরুণী সেটি মানতে চাননি। এ সময় ফজলুলের মা ও বোন ওই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই তরুণী সালিসের স্থানেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ আসামিদের গ্রেপ্তার করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের এবং ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর খবরের সত্যতা নিশ্চিত করেন। হাসপাতালে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।