সালিসে নিয়ে নির্যাতন মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলায় গ্রাম্য সালিসে শামসুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির শরীরে অ্যাসিড-জাতীয় পদার্থ নিক্ষেপের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাতবর নজরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে।
চাম্পাকুড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম মাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির ও ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার শিক্ষক।
চোর প্রমাণের জন্য সালিসে এক ব্যক্তির শরীরে অ্যাসিড-জাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়। পরে অ্যাসিড নিক্ষেপের সঙ্গে জড়িত ব্যক্তিকে পুলিশে না দিয়ে সালিসে বিচার করে জরিমানার টাকা দিয়ে ভূরিভোজ করা হয়।
মাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নানসহ প্রত্যক্ষদর্শী তিন-চারজন জানান, ইউনিয়নের চাম্পাকুড়ি গ্রাম থেকে গত এক মাসে কয়েকটি গরু চুরি হয়। ঈদের তিন দিন আগে ওই গ্রামের আবদুল খালেক নামের এক ব্যক্তির একটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনার সঙ্গে তাঁর প্রতিবেশী শামসুল ইসলাম জড়িত বলে তিনি সন্দেহ করেন। এ নিয়ে গ্রামের মাতবরদের কাছে অভিযোগ করেন। মাতবরেরা তাঁর অভিযোগের সপক্ষে প্রমাণ চান। তিনি তাঁদের জানান, কবিরাজের কাছ থেকে মিষ্টিতে ফুঁক দিয়ে আনা হবে। প্রকৃত চোর মিষ্টি খেলেই তাঁর শরীরে আগুন ধরে যাবে। সেই মোতাবেক গত বৃহস্পতিবার দুপুরে সালিস বসানো হয়। সালিসে এলাকার তিন শতাধিক লোক উপস্থিত ছিল।
বিকেল সাড়ে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে সালিস শুরুর আগে অভিযোগকারী আবদুল খালেক শামসুল ইসলামকে ডেকে পাশে নিয়ে যান এবং তাঁর পিঠে অ্যাসিড-জাতীয় পদার্থ ঢেলে দেন। এতে তিনি চিৎকার এবং মাটিতে গড়াগড়ি শুরু করেন। তাঁর শরীরে থাকা গেঞ্জিও পুড়ে যায়। সালিসে উপস্থিত লোকজন বিষয়টি বুঝতে পেরে শামসুলের শরীরে ঠান্ডা পানি ঢেলে দেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লোকজন এ সময় আবদুল খালেককে আটক করেন।
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাতবরেরা খালেকের বিচারও সালিসে করার কথা বলে তাঁদের ফিরিয়ে দেন। ওই রাতে জামায়াত নেতা নজরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত সালিসে খালেকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে শামসুলের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা দিয়ে রাতে তাঁরা মুরগি কিনে খাওয়া-দাওয়ার আয়োজন করেন। তাঁরা নির্যাতিত শামসুলকে মামলা করা থেকেও বিরত রাখেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে গত শুক্রবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে শামসুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় নজরুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। রাতেই নজরুল ইসলামকে গ্রেপ্তার করে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল বিন হুদা বলেন, শামসুলের শরীরে অ্যাসিড-জাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়েছে। সামান্য অংশ দগ্ধ হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সেই তাঁর চিকিৎসা চলছে।