সালিসে নির্যাতনের পর যুবকের আত্মহত্যা
গরু চুরির অভিযোগে গত রোববার রাতে এক যুবককে শিকলে বেঁধে নেওয়া হয় সালিসে। সেখানে মারধর করা হয়। পরে হাত-পায়ে শিকল পরিয়ে সারা রাত আটকে রাখা হয় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে। পরদিন সোমবার জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় তাঁকে। পরে বাড়ি গিয়ে আত্মহত্যা করেন তিনি।
আত্মহননকারী যুবকের নাম মো. রিপন (২৪)। বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দক্ষিণ চরলক্ষ্মী গ্রামে। পুলিশ গতকাল মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সালিসে জড়িত থাকার অভিযোগে জব্বার সরদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের উত্তর চরলক্ষ্মী গ্রামের বারেক মৃধার একটি গরু গত শুক্রবার হারিয়ে যায়। পরে রোববার সকালে রিপনের গরুর পালের সঙ্গে ওই গরুটি পাওয়া যায়। রিপনের স্বজনেরা বলেছেন, রিপন গরুটি চুরি করেননি। গরুটি তাঁদের গরুর পালের সঙ্গে মিশে গিয়েছিল। পরে গরুর মালিকের সন্ধান পাওয়া গেলে গরুটি ফেরত দেওয়া হয়। কিন্তু তার পরও সালিসে রিপনকে শাস্তি দেওয়া হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও রিপনের স্বজনেরা প্রথম আলোকে জানিয়েছেন, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য আবদুস সালাম পেয়াদার নির্দেশে রিপনকে চৌকিদার মো. খলিলুর রহমান রোববার সন্ধ্যায় বাড়ি থেকে ধরে নিয়ে যান। রাতে চরবেষ্টিন বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সালিস বসে। রাত নয়টার দিকে হাত-পা শিকলে বেঁধে রিপনকে সালিস হাজির করা হয়। সালিস চলাকালে সালাম পেয়াদার নেতৃত্বে রিপনকে মারধর করা হয়। পরে হাত-পা বাঁধা অবস্থায়ই রিপনকে রোববার সারা রাত আওয়ামী লীগের ওই কার্যালয়ের ভেতর আটকে রাখা হয়। পরদিন সকালে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে রিপনকে ছাড়িয়ে নিতে তাঁর পরিবারের লোকজনকে খবর দেন ইউপি সদস্য সালাম পেয়াদা। বেলা দুইটার দিকে স্বজনেরা ৩০ হাজার টাকা দিয়ে এবং বাকি টাকা ওই দিন সন্ধ্যার মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে রিপনকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যান।
রিপনের ভাই মো. খোকন জানান, বাড়িতে রিপনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অপমান সইতে না পেরে সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঘরের আঁড়ার সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে রিপন আত্মহত্যা করেন।
মুঠোফোনে জানতে চাইলে ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ‘নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়ার নির্দেশে আমরা সালিস করেছি। তবে রিপনকে মারধর করা হয়নি। তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, এটা সঠিক।’
চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, ‘সালাম পেয়াদাসহ কিছু লোক আমাকে সালিসে যেতে অনুরোধ করেছিলেন। আমি শপথ নিইনি জানিয়ে অপারগতা প্রকাশ করি। ওই সালিসের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।’
রাঙ্গাবালী থানার ওসি মো. শামসুল আরেফীন জানান, এ ঘটনায় জব্বার সরদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।