সালিসে পক্ষ নেওয়ায় বদিউজ্জামানকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত সালিসে এক পক্ষে জোরালো ভূমিকা রাখায় ক্ষুব্ধ অপর পক্ষ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভূমি পরিমাপক বদিউজ্জামানকে হত্যা করেছে। এ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তরুণ শাহিন ব্যাপারীর (২৩) দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য জানা গেছে। গতকাল সোমবার বিকেলে রাজবাড়ীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুজ্জামানের কাছে শাহিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানিয়েছে, বদিউজ্জামান ওরফে বদের মাতব্বর গ্রাম্য মাতব্বর ও ভূমি পরিমাপক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। শাহিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া গ্রামের মিনাজ উদ্দিন শেখপাড়ার বারেক ব্যাপারীর ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ শাহিনের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে জানায়, নিহত গ্রাম্য মাতব্বর ও ভূমি পরিমাপক বদিউজ্জামান ওরফে বদের মাতব্বর অল্প বয়সেই জমিজমাসংক্রান্ত কাগজপত্র ভালো বুঝতেন। এ কারণে অনেকেই তাঁকে উপজেলার বিভিন্ন স্থানে জমি পরিমাপের কাজে নিয়ে যেত। সম্প্রতি উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙা এলাকার জমিসংক্রান্ত একটি সালিসে উপস্থিত থেকে বদের এক পক্ষে জোরালো ভূমিকা পালন করলে প্রতিপক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যার পর পূর্বপরিকল্পনা অনুসারে বদিউজ্জামানকে জমিসংক্রান্ত সালিসের কথা বলে মুঠোফোনে দৌলতদিয়া ঘাটে ডেকে নেন শাহিন। রাত নয়টার দিকে বদিউজ্জামান দৌলতদিয়া ঘাট মনোরমা সিনেমা হলের কাছে পৌঁছান। সেখানে অপেক্ষমাণ শাহিন তাঁকে ব্যাটারিচালিত একটি রিকশায় করে স্থানীয় নৈমদ্দিন খাঁর পাড়া এলাকার পদ্মা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে আরও তিন যুবক একটি ডিঙি নৌকা নিয়ে অপেক্ষা করছিলেন। প্রথমে তাঁরা বদিউজ্জামানকে নৌকায় তোলেন। পরে শাহিনসহ দুই যুবক বদিউজ্জামানকে নৌকা থেকে নামিয়ে নদীর পাড়ে নিয়ে আসেন এবং শ্বাসরোধে হত্যা করেন। অপর এক যুবক ওই সময় পাহারায় ছিলেন। পরে তাঁরা লাশ নৌকায় তুলে কিছুটা সামনে গিয়ে নালায় ফেলে দেন। এ ছাড়া বদিউজ্জামানের সঙ্গে থাকা জমিসংক্রান্ত একটি ফাইল ও তাঁর পায়ের জুতা নদীতে ফেলে দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, শাহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রোববার রাতে শাহিনকে দৌলতদিয়া ফকিরপাড়া থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান তিনি।