কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ধর্ষণের শিকার এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুজ্জামান ওরফে ঝন্টু (৫০) নামের গ্রাম্য এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম নাসিমা খাতুন (২৮)। তিনি হাসিমপুর গ্রামের শাহাজান শেখের স্ত্রী। নাসিমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
জগন্নাথপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রোববার দুপুরে শারীরিক অসুস্থতা নিয়ে নাসিমা হাসিমপুর বাজারে রফিকুজ্জামানের কাছে চিকিৎসাসেবা নিতে যান। এ সময় ওই চিকিৎসক চেতনানাশক ইনজেকশন দিয়ে তাঁকে ধর্ষণ করেন। চেতনা ফিরলে নাসিমা বিষয়টি বুঝতে পারেন। পরে বাড়ি ফিরে ঘটনাটি তাঁর স্বামী ও পরিবারের লোকজনকে জানান।
বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার সন্ধ্যায় হান্নান নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে এ নিয়ে সালিস বৈঠক হয়। পরে বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়। রফিকুজ্জামান স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বৈঠকে নাসিমার কাছ থেকে জোর করে সালিসনামায় স্বাক্ষর আদায় করা হয়। এ সময় নাসিমাকে মারধরও করা হয়। সালিসে ন্যায় বিচার না পেয়ে বাড়িতে এসে ওই রাতেই ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নাসিমা। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গতকাল বুধবার বিকেলে কুমারখালী থানার ওসি লুৎফর রহমান বলেন, অভিযুক্ত রফিকুজ্জামানকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।