সালিসে বিষপান করে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম্য সালিসে ঝাড়ুপেটা ও জরিমানা করায় আবু তাহের (৪০) নামের এক ব্যক্তি সালিসদারদের সামনেই বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে নোয়াখালীর সেনবাগে এ ঘটনা ঘটে। সালিসে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক নারী।
আবু তাহেরের বাড়ি সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানুচর গ্রামে। ওই সালিসে আলী আকবর নামের আরেক ব্যক্তিকে ঝাড়ুপেটা এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সালিসের সভাপতি ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর কাছে দাবি করেন, শারীরিক প্রতিবন্ধী এক নারীকে আবু তাহের ও আলী আকবর ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে বিষয়টি নিয়ে গত বুধবার সন্ধ্যার পর গ্রামে সালিসি বৈঠক বসে। বৈঠকে ওই নারীও উপস্থিত ছিলেন। তিনি সালিসকারীদের কাছে ঘটনার বিচার চান। পরে অভিযুক্ত আবু তাহের ও আলী আকবরকে ঝাড়ুপেটা এবং ৩০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়।
শাহ আলম বলেন, প্রথমে আলী আকবরকে ঝাড়ুপেটা করা হয়। এরপর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে আবু তাহের তাঁর কাছে লুকিয়ে রাখা বিষ পান করেন। পরে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়।
আবু তাহেরের শ্যালক নিজাম উদ্দিন বলেন, সালিসে তাঁর ভগ্নিপতি ওই নারীর অভিযোগের প্রতিবাদ করেন। কিন্তু এরপরও দোষী সাব্যস্ত করায় অপমান সইতে না পেরে বিষপান করেন আবু তাহের। ভগ্নিপতির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করার কথা বলেছেন নিজাম।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আবু তাহেরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।