সালিসে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সালিস বৈঠকে পিটিয়ে সুমন রহমান (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার খাজুর ইউনিয়নের রনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রনাইল গ্রামের আজিজার রহমানের ছেলে সুমন রহমান প্রতিবেশী ভোদর আলীর কাছ থেকে এক মাস আগে ২১ হাজার টাকায় একটি গাভি কেনেন। শর্ত ছিল, তিনি দু-এক দিন পরে টাকা দেবেন। কিন্তু গাভির দাম ভোদরকে না দিয়ে সুমন বাড়ি থেকে পালিয়ে যান। এক মাস পর বুধবার সন্ধ্যায় সুমন বাড়িতে আসেন। খবর পেয়ে ভোদর ও ইউপি সদস্য ইউনুস আলী লোকজন নিয়ে গ্রামে সালিস বসান। এ সময় সুমনকে টাকা দিতে চাপ প্রয়োগ করেন সালিসের নেতারা। কিন্তু সুমন টাকা দিতে অস্বীকৃতি জানান। তখন তাঁকে বেধড়ক পেটানো হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সালিসের লোকজন ভোর চারটার দিকে স্থানীয় চিকিৎসক বেলাল হোসেনের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তাঁকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ভর্তির আগেই সুমন মারা গেছেন।
নিহত সুমনের স্ত্রী মরিয়ম বেগমের অভিযোগ, বুধবার রাত ১০টার দিকে ইউপি সদস্য ইউনুস আলী তাঁর সহযোগী গুলজার হোসেন, আরিফুল ইসলাম, নিজামসহ ১৫-২০ জন লোক এসে তাঁর স্বামীকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে টাকা দিতে অপারগতা জানালে সুমনকে পেটানো হয়। এতে তাঁর স্বামী মারা যান।
ইউপি সদস্য ইউনুস আলী সালিসের কথা স্বীকার করলেও সুমনকে মারধর করা হয়নি বলে দাবি করেন। তিনি বলেন, সালিস চলাকালে সুমন অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মহাদেবপুর থানার পরিদর্শক নাজমুল হক বলেন, সুমনের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।