সালিসে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খোড়মী গ্রামে গত সোমবার সালিস বৈঠকে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলবাড়িয়া ইউনিয়নের খোড়মী গ্রামে খাসজমি ইজারা নিয়ে বাস করছেন আবদুল মুজিদ গাজী। প্রায় ১২ বছর আগে ওই গ্রামের মেয়ে মেহেরুনেচ্ছাকে বিয়ে করে সেখানে তিনি বসবাস শুরু করেন। গত বছর এ দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদ হয় এবং দুজনই অন্যত্র বিয়ে করেন। তবে মুজিদ গাজীর সঙ্গে তাঁর সাবেক স্ত্রীর মা নূরনেচ্ছা থাকেন। নূরনেচ্ছাকে বের করে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ পেয়ে সোমবার সন্ধ্যায় ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ কয়েকজন ব্যক্তি ওই বাড়িতে যান।
আবদুল মুজিদ অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন সালিসের নামে ১৫-২০ জন লোক নিয়ে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করতে এসেছিলেন। তাঁরা তাঁকে মারধর করেন। এ সময় গ্রামবাসী প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নয়জন আহত হন। আগের স্ত্রীর স্বামী ও গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার বাড়ি দখল করতে চান। এ জন্য তিনি নূরনেচ্ছাকে দিয়ে থানায় অভিযোগ করিয়েছেন।
প্রতিবেশী রাবেয়া খাতুন বলেন, সংঘর্ষের সময় এক ব্যক্তি ঘরে আগুন ধরিয়ে দেন। এতে রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। নূরনেচ্ছা বলেন, মুজিদ তাঁকে বাড়ি থেকে বের করে দেননি। কিংবা তাঁর ওপর কোনো ধরনের নির্যাতন করেননি। তিনি কেন মুজিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন—এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি কোনো অভিযোগ করিনি, কাগজে স্বাক্ষরও করিনি।’
ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন বলেন, ‘থানা থেকে দায়িত্ব পেয়ে সেখানে সালিস করতে গিয়েছিলাম। হঠাৎ করে আমাদের ওপর হামলা করা হয়। এতে ছয়জন আহত হন। আমাকেও বেধড়ক পেটানো হয়। আহত ব্যক্তিদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গতকাল আবদুস সাত্তারের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ওসি লস্কর জায়াদুল হক বলেন, এ ঘটনায় সোমবার রাতে ইউপি চেয়ারম্যান শওকাত হোসেন ১৮ জনকে আসামি করে মামলা করেছেন। ওই রাতেই বাবলু সরদার ও কামরুল সরদার নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি দখলের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘চেয়ারম্যান যদি সালিসের নামে কারও ঘর উচ্ছেদ করতে যান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’