সালিসের অবৈধ সিদ্ধান্তে গৃহবধূর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম নাগেরহাট গ্রামে গত বৃহস্পতিবার সুমি আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, সালিসের নামে মাতবরদের অবৈধ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুমি (২২)। এ ঘটনায় মাতবরদের নাম বাদ দিয়ে একটি মামলা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদুজ্জামান গতকাল প্রথম আলোকে জানান, এ ধরনের সালিস বৈধ নয়। খোঁজ নিয়ে সালিসে রায় দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুমির চাচা ইদ্রিস সরদার জানান, আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর স্থানীয় মো. মান্নানের সঙ্গে সুমির সম্পর্ক হয়। সুমিকে বিয়ে করে ঢাকায় নিয়ে যান মান্নান। তাঁর আগের এক স্ত্রী ছিল। ইদ্রিসের অভিযোগ, আগের স্ত্রী চাপ দিলে মান্নান প্রতারণা করে তালাকনামায় সুমির স্বাক্ষর নেন। এরপর সুমি বাপের বাড়ি চলে আসেন।
সুমির চাচা আরও জানান, কিছুদিন আগে আরেক জায়গায় বিয়ে ঠিক হলে মান্নান সেই বিয়েতে বাধা দেন। সুমির বাবা খোরশেদ মিয়া মাতবরদের কাছে বিচার দেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মান্নানদের বাড়িতে সালিস বৈঠক বসে।
স্থানীয় সূত্র জানায়, বৈঠকে কনকসার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নাদের, তপন শরীফ, মহিলা ইউপি সদস্য রবেদা বেগম, স্থানীয় মো. মকবুলসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকে মান্নান ও সুমিও ছিলেন। সুমির চাচা ইদ্রিস জানান, দুপক্ষের কথা শুনে মাতবরেরা সিদ্ধান্ত দেন সুমি চাইলে মান্নানের ঘর করতে পারবেন, কিন্তু সন্তান নিতে পারবেন না। এরপর মাতবরেরা সাদা কাগজে সুমির স্বাক্ষর নেন। বৈঠকে উপস্থিত সুমি এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বলেন, ‘ঘর করলে সন্তান নিতে পারব না, এটা কেমন সিদ্ধান্ত। এই অন্যায় সিদ্ধান্ত আমি মানি না।’এ কথা বলে সুমি বৈঠক ছেড়ে পাশেই নিজেদের বাড়িতে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লৌহজং থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ হাসপাতালে পাঠায়।
সুমির আত্মহত্যার খবর জানাজানি হওয়ার পর থেকে মান্নান ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন। সুমির বাবা খোরশেদ মিয়া বৃহস্পতিবার রাতে মান্নানকে আসামি করে লৌহজং থানায় মামলা করেন। যাঁদের অন্যায় সিদ্ধান্তের কারণে আত্মহত্যা সেই মাতবরদের আসামি না করার কারণ সম্পর্কে সুমির চাচা ইদ্রিস বলেন, ‘আমরা লেখাপড়া জানি না। মামলা লেখার জন্য আমরা যাকে দায়িত্ব দিয়েছি, সে কেবল মান্নানকে আসামি করেছে।’
ইউপি সদস্য নাদের প্রথম আলোকে জানান, সালিসে মান্নানের ঘর করতে পারবে কিন্তু সন্তান নিতে পারবে না, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘নারী নির্যাতন বিষয়টি খুবই স্পর্শকাতর। এ ধরনের সালিস সাধারণত আমরা করার এখতিয়ার রাখি না। যাঁরা করেছেন, তাঁরা আইনবহির্ভূতভাবে করেছেন।’