সালিসের কথা বলে ডেকে নিয়ে খুন!

তাজুল ইসলাম ও আল আমিন নামের দুজন রাজধানীর ভাষানটেক এলাকায় রিকশা চালান। কিছুদিন আগে এই দুই রিকশাচালক একটি রিকশা কিনেছিলেন। অংশীদারত্বের ভিত্তিতে রিকশা কেনার পর তাদের দুজনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এর জেরে সালিস বৈঠকের কথা বলে তাজুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান আল আমিন। এর পর এলাকার জাহাঙ্গীরের বস্তির পেছন নিয়ে তাঁকে মারধর করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে ভাষানটেক এলাকায় এ ঘটনা ঘটে।
তাজুল ইসলামের আত্মীয় আবুল বাশার প্রথম আলোকে বলেন, মারধর করার পর আল আমিনের লোকজন ফোন করে বলেন যে তাজুল দুর্ঘটনার কবলে পড়েছে। এর পর ঘটনাস্থল থেকে তাজুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর তাঁর লাশ ভাষানটেকের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ খবর পেয়ে তাজুলের লাশ তাঁর ভাষানটেকের বাড়ি থেকে উদ্ধার করে। সেখান থেকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় ভাষানটেক থানায় মামলা করেছেন তাজুলের ছোট ভাই সাইফুল ইসলাম। পুলিশ আল আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, সালিসের কথা বলে তাজুলের সঙ্গে কথা-কাটাকাটি হয় আল আমিনের। সেখানে আল আমিনের সঙ্গে আরও পাঁচজন ছিলেন। একপর্যায়ে তাজুলের মাথার পেছনে রড দিয়ে আঘাত করা হয়। এ কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।