সালিসের নামে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামে সালিসের নামে স্থানীয় এক গৃহবধূ ও যুবককে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। 

পরকীয়ার অভিযোগে ওই দুজনকে গত রোববার প্রকাশ্যে বেঁধে গ্রাম ঘোরানো হয় ও মারধর করা হয়। ওই গৃহবধূ ও তাঁর বোনকে গ্রাম থেকেও তাড়িয়ে দিয়েছেন সালিসে উপস্থিত থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মাতবরেরা।

সালিসে দুজনকে মারধরের সেই ভিডিও চিত্র পাওয়া গেছে। ভিডিও চিত্রে দেখা গেছে, ওই যুবকের ডান হাত গৃহবধূর বাম হাতের সঙ্গে রশি দিয়ে বেঁধে ঘরের বারান্দা থেকে উঠানে নামানো হচ্ছে। এরপর অনেক মানুষের উপস্থিতিতে তাঁদের দুজনকে গ্রামের রাস্তায় ঘোরানো হয়। একপর্যায়ে গৃহবধূর বাড়ির পাশে সালিস বসে। সেখানে দুজনকে হাত বেঁধে বসিয়ে রাখা হয়েছে।

কোনো দোষ করেননি দাবি করে ওই যুবক বলেন, পূর্বশত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রামের কয়েকজন জোর করে এ কাজ করেছেন। লোকলজ্জার ভয়ে বাড়ি ছেড়ে বর্তমানে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

ওই যুবক বলেন, ১ জুলাই রাতে তিনি গ্রামের একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন। এ সময় তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আমানুল্লাহ তাঁকে ওই গৃহবধূর বাড়ির পাশে নিয়ে যান। সেখানে পৌঁছানোমাত্র কয়েকজন তাঁকে মারধর শুরু করেন। পরে তাঁকে ওই নারীর বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সারা রাত সেখানেই রাখা হয়। পরদিন সকালে বসে সালিস সভা। তিনি বলেন, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ড সদস্য আমানুল্লাহ, করমদি গ্রামের বজলুর রহমানসহ কয়েকজন সালিস করেন। পরকীয়া প্রেমের অভিযোগে গৃহবধূর সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে গৃহবধূকে তালাক দিতে বাধ্য করা হয়।

ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়াপ্রবাসী। তাঁদের সাত বছর বয়সী একটি সন্তান রয়েছে। আপন দেবরের সঙ্গে তাঁর ছোট বোনের বিয়ে হয়েছিল। বড় বোনের পরকীয়ার অপবাদে ছোট বোনকেও শ্বশুরবাড়ি থেকে বের কয়ে দিয়েছেন সালিস করা ব্যক্তিরা। দুই বোন এখন তাঁদের বাবার বাড়িতে আছেন।

ওই যুবকের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না দাবি করে নির্যাতিতা গৃহবধূ বলেন, অপবাদ দিয়ে নির্যাতন করে তাঁকে ঘরছাড়া করা হয়েছে। সালিসে স্বামী ও শ্বশুরবাড়ির কারও মতামত নেওয়া হয়নি। সালিস যাঁরা করেছেন, তাঁদের বিচার দাবি করে গৃহবধূর বাবা বলেছেন, টাকার অভাবে তিনি মামলা করতে সাহস পাচ্ছেন না।

মুঠোফোনে যোগাযোগ করা হলে তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ১ জুলাই রাতে ওই গৃহবধূ ও যুবককে এক ঘরে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের ঘরে আটকে রাখে এবং পরদিন সালিসের আয়োজন করে।

ওই যুবকের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন জাহাঙ্গীর। ওই গৃহবধূ ও যুবকের বিয়ে এবং তালাক দেওয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি। জাহাঙ্গীর বলেন, সালিসে সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হকসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আমানুল্লাহ বলেন, এলাকায় সবাই ডেকেছে বলেই তিনি সালিসে গিয়েছিলেন। স্থানীয় মাতবরদের সম্মতিতেই ওই গৃহবধূ ও তাঁর বোনকে বাবার বাড়ি পাঠানো হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের বিষয় আমার জানা নেই। কেউ কোনো অভিযোগ দেয়নি। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’