সালিসের সিদ্ধান্ত না মানায় সংঘর্ষ, স্কুলছাত্র নিহত
ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল রোববার রাতে সালিসের সিদ্ধান্ত না মানাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কামরুল হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত কামরুল চট্টগ্রামের কুমিরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগে উপজেলার সুলাখালী গ্রামের মাঈন উদ্দিন নামের এক যুবকসহ কয়েকজন দুলাল হোসেন নামের এক প্রবাসীর কাছ থেকে সোনার ব্রেসলেট, চেইন, নগদ টাকা ও একটি দামি মুঠোফোন ছিনতাই করেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে দুলাল সোনাগাজী থানায় মাইন উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিসের মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করেন। তাঁরা মাইন উদ্দিনদের কাছ থেকে ব্রেসলেট ছাড়া ওই মালামাল নিয়ে তা দুলালকে হস্তান্তর করেন। আর ব্রেসলেটের পরিবর্তে ২৪ হাজার টাকা দেওয়ার জন্য মাঈন উদ্দিনকে বলে দেন। কিন্তু পরে মাঈন উদ্দিন ওই টাকা পরিশোধ করতে গড়িমসি শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রোববার রাত আটটার দিকে দুলালসহ কয়েকজন সুলাখালী বাজারে যান। ওই বাজারে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে বসে ছিলেন মাঈন উদ্দিন। দুলাল ও তাঁর লোকজন মাঈন উদ্দিনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। তখন মাঈন উদ্দিনের পক্ষের লোকজন বাধা দেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। তিনটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের একপর্যায়ে মাঈন উদ্দিনের পক্ষের কামরুল আহত হয়। প্রথমে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে চট্টগ্রামের বারইয়ার হাট এলাকায় কামরুল মারা যায়। ফেনী সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে আজ সোমবার বিকেলে গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা সাংবাদিকদের বলেন, কামরুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার ব্যাপারে চেষ্টা করেও মাঈন উদ্দিন ও দুলালের বক্তব্য পাওয়া যায়নি।