সাড়ে চার একর জমি রেকর্ড করে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে দেড় শ বছরের পুরোনো নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চবিদ্যালয় ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাড়ে ৪ একর জমি এক ব্যক্তি রেকর্ড করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজের উপাধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানের ৩ একর ৪ শতক জমি অন্য ব্যক্তির নামে রেকর্ড হওয়া দুঃখজনক। কলেজের পক্ষ থেকে রেকর্ড সংশোধনের জন্য সেটেলমেন্ট অফিসে আবেদন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল বলেন, স্কুলের ১ একর ৫৮ শতক জমির রেকর্ড সংশোধনের জন্য সেটেলমেন্ট অফিসে আবেদন করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নড়াইলের তৎকালীন জমিদারেরা ১৮৫৭ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা করেন। ১৮৮৬ সালে সেটি কলেজে উন্নীত হয়। ১৯৫৮ সাল থেকে দুটি প্রতিষ্ঠান পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে। ১৯৭৯ সালে নড়াইলের তৎকালীন মহকুমা প্রশাসক তাজুল ইসলাম প্রতিষ্ঠান দুটির সভাপতির দায়িত্ব নেন। তিনি জমিদারদের দান করা সম্পত্তি স্কুল ও কলেজের নামে আলাদাভাবে বণ্টন করে সীমানা নির্ধারণ ও নকশাসহ (ম্যাপিং) পর্চা প্রদান করেন। ১৯৮৬ সালের ২৯ জুলাই এ সিদ্ধান্ত সরকারিভাবে বাস্তবায়িত হয়। ওই সম্পত্তিতে কুড়িগ্রাম মৌজার ২৩ নম্বর খতিয়ানে পাঁচটি দাগে ৪ একর ৮৬ শতক জমি রেকর্ড করে পর্চা সংরক্ষণ করা হয়।
কাগজপত্র ঘেঁটে দেখা যায়, ওই সম্পত্তিতে বিদ্যালয়ের মূল ভবন, ক্যাম্পাস, বনায়ন, পুকুর ও সুলতান মঞ্চের দক্ষিণ অংশ অবস্থিত। কিন্তু নড়াইল সদর সহকারী সেটেলমেন্ট কার্যালয় থেকে ২৩ নম্বর খতিয়ানের পর্চায় পাঁচটি দাগের পরিবর্তে চারটি দাগে ৩ একর ৮৬ শতক জমির পর্চা সরবরাহ করে। বাকি ১ একর ৫৮ শতক জমি সেটেলমেন্ট কার্যালয়ের মূল রেকর্ড বই থেকে মুছে ডিপি ১৬১ নম্বর খতিয়ানে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার কামাল উদ্দাহারের নামে রেকর্ড দেখানো হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ৩ একর ৪ শতক জমিও মাঠ জরিপে একই ব্যক্তির নামে ওই খতিয়ানে রেকর্ড করা হয়েছে। পরে কামাল উদ্দাহারের কাছ থেকে ১৬১ খতিয়ানের মোট ৪ একর ৬২ শতক জমি নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার ইলিয়াস হোসেন বিশ্বাসের নামে স্থানান্তর করা হয়েছে।
ইলিয়াস হোসেন বিশ্বাস বলেন, ‘আমি কারও সম্পত্তি দখল করিনি। ১৯৮৫ সালে ওই জমি আমার নামে নামপত্তন করা হয়। ওই জমি কীভাবে আমার নামে নামপত্তন হয়েছে তা বলতে পারব না। ওই দুটি প্রতিষ্ঠানের জমি আমি দখল করে থাকলে তা ফেরত দেব।’
কামাল উদ্দাহার বলেন, ‘আমি জমিজমা-সংক্রান্ত ব্যাপারে কিছু জানি না। ওই জমি যে আমার নামে রেকর্ড হয়েছে, তাও জানি না।’
নড়াইল সদর সহকারী সেটেলমেন্ট কার্যালয়ের আপিল কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, সংরক্ষিত মূল রেকর্ড বইয়ে ২৩ নম্বর খতিয়ানের একটি দাগ মুছে ফেলায় রেকর্ড বই ঘষামাজা দেখা গেছে। মূল রেকর্ড বইয়ের খতিয়ানের দাগ মুছে ফেলার পাশাপাশি মৌজার খসড়া থেকে হাল রেকর্ডের দখলের পৃষ্ঠাও ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কে বা কারা এ কাজ করেছে তা বলা মুশকিল।