সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিভিন্ন সড়ক সংস্কার দেখিয়ে ভুয়া বিল ভাউচার করে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে ঠিকাদারদের মাধ্যমে এসব টাকা উত্তোলন করিয়ে আত্মসাতের এ অভিযোগ উঠেছে।

অথচ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তিনটি মহাসড়কের মধ্যে দুটি মহাসড়কই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এসব সড়কে অসংখ্য গর্ত ও পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিনিয়ত যানজট লেগেই আছে।

সিরাজগঞ্জের সওজ বিভাগ, চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজগঞ্জে নগরবাড়ি-বগুড়া, হাটিকুমরুল-বনপাড়া ও ঢাকা-বগুড়া—এ তিনটি মহাসড়ক রয়েছে। এর মধ্যে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ি থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার অংশের পারকোলা, টেটিয়ারকান্দা, তালগাছী, চালা, ব্রম্মকপালিয়া, বোয়ালিয়া, পাটধারী, চড়িয়া শিকার এবং একই মহাসড়কের হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত ১৯ কিলোমিটার অংশের সলঙ্গা, সাহেবগঞ্জ, দাদপুর, ঘুরকা, রয়হাটি, ভূইয়াগাতি, ষোলমাইল, চান্দাইকোনা এলাকায় সড়ক থেকে কার্পেটিং, বিটুমিন ও পাথর উঠে কয়েক শ গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। একই সড়কের উল্লাপাড়ার পূর্ব দেলুয়া ও চালা এলাকার দুটি সেতুতে ফাটল ধরেছে। এ সড়কেই ২০০৭ সালে রায়গঞ্জের রয়হাটির পুরোনো একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশেই আরেকটি সেতু নির্মাণ করা হয়। ওই সেতুটির বিভিন্ন অংশে এখন ফাটল দেখা দিয়েছে। বর্তমানে এ তিনটি সেতুর ওপর লোহার প্লেট, ঢালাইসহ বেইলি সেতু স্থাপন করে যানবাহন চলাচল চালু রাখা হয়েছে।

ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটারের পার্শ্বসড়ক (সোল্ডার) ভেঙে মাটি ও পাথর সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। একই সড়কের নলকায় করতোয়া নদীর ওপর নির্মিত নলকা সেতুর কার্পেটিং, ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোর সেতু দিয়ে থেমে থেমে চলাচল করতে হচ্ছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এ সেতুর পশ্চিমে পুরোনো ধোপাকান্দি সেতু সরু হওয়ায় এর ওপর দিয়ে বড় ধরনের দুটি যানবাহন একসঙ্গে চলাচল করতে পারে না। এতে যানজট সৃষ্টি হচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা হাটিকুমরুল গোলচত্বর এলাকার। গোলচত্বরের আশপাশের কয়েক শ মিটার এলাকাজুড়ে বিটুমিন, কার্পেটিং, পাথর ও ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানিনিষ্কাশনের জন্য গোলচত্বর এলাকায় ৫০০ মিটার দীর্ঘ একটি নর্দমা নির্মাণ করা হলেও সংস্কারের অভাবে সেটি ভরে গেছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরাজগঞ্জ সওজের একটি সূত্র জানায়, সংস্কারকাজে গত ২০১৬-১৭ অর্থবছরে সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ আসে। স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তিদের সঙ্গে আঁতাত করে সংস্কারকাজ না করেই ভুয়া বিল ভাউচার করে দরপত্র ছাড়াই ক্ষুদ্র ক্ষুদ্র কোটেশনের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়। এসব টাকা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল তাঁর পছন্দের কিছু ঠিকাদারদের দিয়ে উত্তোলন করান।

পাবনা থেকে বগুড়া চলাচলকারী যানবাহনের চালক সাজ্জাদ হোসেন, আবদুল মোমিন, নিজামুল হকসহ আরও কয়েকজন বলেন, সড়কের বেহাল দশার কারণে চার থেকে পাঁচ গুণ বেশি সময় লাগে। এ ছাড়া প্রতিদিন কোনো না কোনো যানবাহনের ক্ষতি হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ক্ষতিগ্রস্ত সেতুর কারণেই পবিত্র ঈদুল ফিতরের সময় ভয়াবহ যানজট হয়। ক্ষতিগ্রস্ত সেতু ও সড়কগুলো সংস্কার করা না হলে কোরবানির ঈদেও একই পরিস্থিতি হবে।

টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সিরাজগঞ্জে সওজের ৫০০ কিলোমিটার রাস্তা রয়েছে। এসব সড়ক নিয়ম মেনেই সংস্কার করেটাকা তোলা হয়েছে। তিনি আরও বলেন, বেহাল সড়কগুলোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বিদেশি একটি প্রকল্পের মাধ্যমে সেতুগুলো সংস্কার করা হবে। এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়ক হবে, বিধায় সড়ক মেরামত করা সম্ভব হচ্ছে না।

তবে সওজ বিভাগের পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, নির্বাহী প্রকৌশলী কীভাবে কোথায় কাজ করেছেন সে বিষয়ে কোনো অনুমোদন তিনি নেননি ও চাননি।