সাড়ে তিন কোটি টাকার জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাটের কর্ণফুলী ঘাট এলাকায় মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ৫০ টন জাটকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাবিক, শ্রমিকসহ ১৫ জনকে আটক করা হয়েছে। 

আজ সোমবার দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মনসুর। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ অভিযানে সহায়তা দেয়।
আবদুল্লাহ আল মনসুর রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, জাটকা ইলিশ ধরার অভিযোগে বেলা দেড়টার দিকে কর্ণফুলী ঘাটে ক্রিসেন্ট ফোর নামের একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালানো হয়। রাত সাড়ে আটটা পর্যন্ত ট্রলার থেকে জব্দ করা ইলিশের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০ টন; যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। জব্দ করা জাটকার পরিমাণ আরও বাড়তে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রলারের নাবিক, শ্রমিকসহ ১৫ জনকে আটক করা হয়েছে।