সাড়ে তিন বিঘা খেতের পটোলগাছ কেটেছে দুর্বৃত্তরা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক কৃষকের বর্গা নেওয়া সাড়ে তিন বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা বাঁশের ভিটা গ্রামের কৃষক আবুল হোসেন (৬০) দিশেহারা হয়ে পড়েছেন।
আবুল হোসেন বলেন, ‘দুই বছর আগে এনজিও ও কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিঘাপ্রতি আট হাজার টাকা বার্ষিক চুক্তিতে পাশের প্রসাদের কুটি গ্রামে খলিলুর রহমান, জহুরুল ইসলাম ও নূর ইসলামের সাড়ে তিন বিঘা জমি ইজারা নিই। এবার আলু তুলে সেই জমিতে পটোল লাগাই। এতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গাছে প্রচুর পটোলও ধরে। গত মে মাস থেকে প্রতি সপ্তাহে ৩০-৩৫ মণ করে পটোল তুলতে শুরু করি। পাইকারেরা ৩০০-৪০০ টাকা মণ দরে জমি থেকে তা কিনেও নিচ্ছিল। সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাস বিক্রি হতো পটোল, যা থেকে সব খরচ বাদ দিয়েও আমার লাভ হতো দুই লক্ষাধিক টাকা। আশা ছিল, লাভের টাকায় আরও জমি বন্ধক নেব। কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই জমির পটোলখেত কেটে দেয়। গতকাল শুক্রবার সকালে খেতে এসে দেখতে পাই গাছগুলো শুকিয়ে নেতিয়ে পড়েছে। পরে দেখতে পাই পটোলগাছগুলোর গোড়া কেটে দেওয়া হয়েছে।’
আবুল আরও বলেন, ‘পটোল বেচে ঋণের কিস্তি দিতে হয়। এখন আমার সব শেষ! কী করে ঋণ শোধ হবে, কেমন করে বাঁচব জানি না!’
স্থানীয় মোস্তফা কামাল, মিজানুর রহমান, মোফাজ্জল হোসেন, আবুল কাশেম, নাজমুল ইসলামের মতে, আবুল একজন ভূমিহীন বর্গাচাষি। যারা তাঁর এই ক্ষতি করেছে, তারা মানুষ না।
স্থানীয় রামখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলিম বলেন, যারা এ অপকর্মটি করেছে, তারা শুধু ওই কৃষকেরই ক্ষতি করেনি, দেশের কৃষি অর্থনীতিরও ব্যাপক ক্ষতি করেছে।