সাড়ে পাঁচ বছর পর দুজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি ছিনতাইয়ের মামলায় সাড়ে পাঁচ বছর পর তদন্ত কর্মকর্তাসহ পুলিশের দুজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার দ্বিতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ হারুন অর রশীদের আদালতে তাঁরা সাক্ষ্য দেন।

গতকাল সাক্ষ্য দেন বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু জাহের ও অবসরে যাওয়া এসআই নুরুল হক। আবু জাহের বর্তমানে হাইওয়ে পুলিশে কর্মরত। সর্বশেষ এই মামলায় ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ: চট্টগ্রামে ১৪ বছর ধরে চলছে ছিনতাইয়ের মামলা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

২০০২ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম নগরের বাকলিয়ার রাজাখালী এলাকায় হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে কিলঘুষি মেরে ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর কর্মচারী আলী হোসেন সেদিন বাকলিয়া থানায় মামলা করেন। ২০০৫ সালের ২ মে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ বছরে এই মামলায় মোট ৯২ বার তারিখ পড়লেও মাত্র চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলার মোট সাক্ষী আটজন। এর মধ্যে পুলিশের সদস্য তিনজন। গত বছরের ১৩ আগস্ট ও চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সাক্ষীদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। কিন্তু সাক্ষীদের অবস্থান-সংক্রান্ত কোনো প্রতিবেদন না দেওয়ায় ৬ সেপ্টেম্বর পুলিশ কমিশনারকে কারণ দর্শাতে বলেছেন আদালত।

সরকারি কৌঁসুলি বিশ্বজিৎ বড়ুয়া প্রথম আলোকে বলেন, পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার চলছে। তবে বিচারক ছুটিতে থাকায় গতকাল দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে পুলিশের দুই কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন, তদন্তে দেখা গেছে হাফিজুর রহমানের কাছ থেকে আসামিরা ৪৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন।