সাড়ে পাঁচ মাস ধরে স্কুলছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে পাঁচ মাসের বেশি সময় ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না স্কুলছাত্র আরিফ হোসেনের (১৩)। গত বছরের ১৫ জুলাই বিকেলে সে সিলেট নগরের মাছিমপুর এলাকার বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি।
অনেক খোঁজাখুঁজি করে আরিফকে না পেয়ে পরিবারের সদস্যরা চার দিন পর সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এখনো পুলিশ ওই ছেলেটিকে উদ্ধার করতে পারেনি।
আরিফের বাবা মো. বাবুল মিয়া বলেন, তিনি পেশায় পান দোকানদার। নগরের বন্দরবাজার এলাকায় তাঁর দোকানটি অবস্থিত। মাছিমপুর এলাকার একটি ভাড়া বাসায় তিনি স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে বসবাস করেন। আরিফ সন্তানদের মধ্যে দ্বিতীয়। সে স্থানীয় ইউসুবিয়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ঘটনার দিন বিকেল চারটার দিকে খেলার উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।