রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মনজুর আলম, মো. সেলিম, মহিউদ্দিন, গিয়াসউদ্দিন ওরফে গেসু, আবদুল মান্নান ও জাহাঙ্গীর আলম। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার ঢাকার আগারগাঁওয়ে র্যাব-২-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
র্যাব জানায়, সাগরে মাছ ধরার বিভিন্ন নৌকায় মিয়ানমার থেকে ইয়াবা আনা হয়ে থাকে। এরপর বিভিন্ন চক্র তা দেশব্যাপী ছড়িয়ে দেয়। র্যাব-২-এর সদস্যরা গত রোববার রাতে যে ছয়জনকে গ্রেপ্তার করেছেন, তাঁদের একজন একটি মাদক চক্রের প্রধান। তাঁর নাম মনজুর আলম।
সংবাদ সম্মেলনে কমান্ডার মুফতি মাহমুদ বলেন, চট্টগ্রাম থেকে প্রতিটি ইয়াবা বড়ি ৫০ থেকে ৭০ টাকায় কিনে তা ঢাকায় এনে ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করেন মাদক বিক্রেতারা। তবে বিশাল মুনাফা এক পক্ষ পাচ্ছে না। বিভিন্ন ধাপে বহু হাত ঘুরে সেবনকারীদের হাতে পৌঁছাচ্ছে। কোনো কোনো সেবনকারী নিজেও ইয়াবা বিক্রিতে জড়াচ্ছে। এ জাতীয় বিক্রেতারা নিজের প্রয়োজনের চেয়ে একটু বেশি করে কিনে রেখে বাকিগুলো পরিচিত গণ্ডির মধ্যে বিক্রি করে থাকে। এভাবে তারা নিজের নেশার টাকা জোগাচ্ছে। তিনি বলেন, ঈদ বা কোনো উৎসবকে সামনে রেখে এই নেশাদ্রব্যের চাহিদা ও দাম দুটোই বেড়ে যায়।
কমান্ডার মুফতি মাহমুদ বলেন, এই মনজুর চট্টগ্রামের পতেঙ্গায় মাছ ধরা নৌকা থেকে ইয়াবার চালান গ্রহণ করেন। এরপর তা বিশ্বস্ত চালক মহিউদ্দিনকে দিয়ে গাড়িতে ঢাকার উদ্দেশে পাঠান। নিজেও ঢাকার উদ্দেশে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব তল্লাশিচৌকি বসায়। দূর থেকে তল্লাশিচৌকি দেখে ইয়াবা বহনকারী গাড়িটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। তখন র্যাব ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। তখন গাড়িতে থাকা মহিউদ্দিন ও সেলিম গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন। র্যাব তাঁদের ধরে ফেলে। এরপর গাড়িটি তল্লাশি করে ৫ লাখ ইয়াবা বড়ি পায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম ও মহিউদ্দিন র্যাবকে জানান, তাঁদের চক্রের প্রধান মনজুর আশপাশে কোথাও ইয়াবার চালানটি গ্রহণের জন্য অপেক্ষা করছেন। এরপর শিমরাইলের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মনজুরসহ চারজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছে আরও ৪০ হাজার ইয়াবা ও ৩ লাখ ৪৪ হাজার টাকা পাওয়া যায়। পরে গ্রেপ্তার বাকি তিনজনের মধ্যে আবদুল মান্নান ঢাকার ‘ডিলার’ বা পাইকারি বিক্রেতা, জাহাঙ্গীর রাজশাহীর ‘ডিলার’ আর গিয়াসউদ্দিন হলেন মনজুরের প্রধান সহযোগী।
র্যাব জানায়, মনজুর, মান্নান, সেলিম ও জাহাঙ্গীর এর আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।