সাড়ে ১০ কিলোমিটারে 'ট্রেইলার-ভোগান্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং মোড় থেকে পতেঙ্গার কাটগড় পর্যন্ত বিমানবন্দর সড়কের সাড়ে ১০ কিলোমিটার অংশ এখন ট্রেইলার টার্মিনালে পরিণত হয়েছে। পুলিশের হিসাবে, দিন-রাত এ সড়কের দুই পাশে অন্তত দেড় হাজার ট্রেইলার পার্ক করে রাখা হয়। এতে অন্য গাড়ি চলাচলে সমস্যা হয়, সৃষ্টি হয় যানজটের, ভোগান্তিতে পড়ে মানুষ।
পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত প্রতিটি ট্রেইলারের দৈর্ঘ্য ৫৫ ফুট। এটি ট্রাকের চেয়ে তিন গুণ বড়। বিমানবন্দর সড়কের দুই পাশে ট্রেইলার পার্ক করে রাখা ছাড়াও বাঁক নিতে বা লেন পরিবর্তন করতে এই যানটি ট্রাক-বাসের চেয়ে অনেক বেশি সময় নেয়। যানজট সৃষ্টির জন্য এটিও অন্যতম কারণ বলে মনে করছে পুলিশ। তবে শুক্রবার বেশিরভাগ ট্রেইলার পার্কিং করা হয় বিমানবন্দর সড়ক সংলগ্ন টোল রোড ও পোর্ট কানেকটিং সড়কে।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য আনা-নেওয়ার কাজে ৩ হাজার ৭০০ ট্রেইলার ব্যবহার করা হচ্ছে। ট্রাকের চেয়ে তিন গুণ বড় এই ট্রেইলার বিমানবন্দর সড়কে পার্ক করে রাখায় যানজটের সমস্যা তীব্র হচ্ছে। এই অবস্থার মধ্যেও প্রতি মাসে নতুন করে আরও ১০টি ট্রেইলার রাস্তায় নামছে।
জানতে চাইলে চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, দিনভর চট্টগ্রাম বন্দরে প্রবেশ ও বের হওয়ার সময় ট্রেইলার চলাচলের কারণে বিমানবন্দর সড়কে সমস্যা হচ্ছে। বিশেষ করে সড়কের ইপিজেড মোড়, সল্টগোলা ও নিমতলায় বেশি যানজট হচ্ছে।
ট্রেইলার মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে গড়ে প্রায় ৫০০ ট্রেইলার কনটেইনার নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। আরও ৫০০ ট্রেইলার ফিরে আসার সময় মহাসড়কে থাকে। নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ে ৪০০ ট্রেইলার নগরের বিভিন্ন গ্যারেজে রাখা হয়। চট্টগ্রামে ১৫টি কনটেইনার ডিপো আছে। ডিপোর কনটেইনার পরিবহন কাজে আরও সাড়ে ৭০০ ট্রেইলার ব্যস্ত থাকে। বাকি দেড় হাজার ট্রেইলার বন্দরসংলগ্ন বিমানবন্দর সড়ক ও সংযুক্ত টোল সড়কে পার্ক করে রাখা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, প্রতি মাসেই নতুন ট্রেইলার নামানো হচ্ছে। সেই গাড়িগুলোও রাস্তায় পার্ক করে রাখা হচ্ছে। তিনি বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে গাড়ি আটক করে আবার রাস্তার ওপরই রাখে। এটাও ঠিক হচ্ছে না। আসলে নতুন ট্রাক-ট্রেইলার টার্মিনাল নির্মাণ করা ছাড়া এর কোনো সমাধান নেই।’
পরিবহনশ্রমিকেরা জানান, চট্টগ্রামে কোনো ট্রাক টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে বন্দরসংলগ্ন বিমানবন্দর সড়কসহ আশপাশের সড়কে ট্রেইলার পার্ক করে রাখা হয়। বন্দর থেকে প্রতিদিন তিন হাজারের বেশি ট্রাক, লরি ও কনটেইনারবাহী ট্রেইলারের মাধ্যমে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন হয়।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ কনটেইনার পরিবহন হচ্ছে, তাতে দুই হাজার ট্রেইলারই যথেষ্ট। আছে প্রায় চার হাজার। এরপরও প্রতিবছর গড়ে ১৫০টির বেশি নতুন ট্রেইলার রাস্তায় নামানো হচ্ছে। নতুন ট্রেইলার নামানোর বিষয়ে শর্ত আরোপ করতে গত বছর পুলিশকে তাঁরা অনুরোধ করেন। গাড়ি রাখার জায়গা থাকার শর্ত সাপেক্ষে ট্রেইলার কেনার অনুমতি দেওয়ার বিষয়ে তাঁরা সুপারিশ করেছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গাড়ির লাইসেন্স দেয় বিআরটিএ। সেখানে পুলিশের ভূমিকা নেই। সরকারি এই সংস্থাটির উচিত বিষয়টি দেখা।’
তবে বিআরটিএর সহকারী পরিচালক তৌহিদুল হোসেন প্রথম আলোকে বলেন, ট্রেইলার চলাচলের জন্য সিএনজিচালিত অটোরিকশার মতো সরকার কোনো সিলিং পদ্ধতি নির্ধারণ করে দেয়নি। আবেদন করা হলেই নিবন্ধন দেওয়া হয়। এতে সরকারের রাজস্ব বাড়ছে।’
মেসার্স একতা কনটেইনার সার্ভিসের মালিক মোহাম্মদ হোসেন জানান, তাঁর আটটি ট্রেইলার ছিল। ব্যাংকঋণ নিয়ে গত মাসে আরও চারটি ট্রেইলার রাস্তায় নামিয়েছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, চট্টগ্রামে ট্রাক বা ট্রেইলার টার্মিনাল নির্মাণের জন্য বন্দরসংলগ্ন সাগরিকা এলাকায় ১০০ একর জায়গা পাওয়া গেছে। ওই জায়গার দাম চাওয়া হচ্ছে ৮০০ কোটি টাকা, যা সিটি করপোরেশনের পক্ষে বহন করা সম্ভব নয়।
জানতে চাইলে মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘৮০০ কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা করপোরেশনের নেই। তবু বিমানবন্দর সড়কসহ নগরে ভয়াবহ যানজটের কথা মাথায় রেখে এই টার্মিনাল নির্মাণ করতে চাই। প্রধানমন্ত্রীর সহযোগিতা ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।’