সাড়ে ১১ ঘণ্টায় আটজন অজ্ঞান পার্টির খপ্পরে
মাত্র সাড়ে ১১ ঘণ্টার মধ্যে অচেতন আট ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এঁদের মধ্যে কেউ টাকা, কেউ মুঠোফোন এবং কেউ সিএনজিচালিত অটোরিকশা খুইয়েছেন বলেও প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আটজনের মধ্যে চারজনকেই পাওয়া গেছে গুলিস্তান এলাকা থেকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বুধবার সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওই আট ব্যক্তিকে ভর্তি করা হয়। গুলিস্তানের কয়েকটি স্থান থেকে পৃথক সময়ে মো. ফয়েজ (৪০), নূরুন্নবী (৬৫), আবু বকর (৪০) ও মানিক মণ্ডল (৩২) নামে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজকে ভর্তি করেন এক পথচারী। ওই পথচারী বিস্তারিত কিছু বলতে পারেননি। নূরুন্নবীর ছেলে শেখ ফরিদ বলেন, তাঁর বাবা ঢাকা রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। থাকেন নারায়ণগঞ্জের পাগলায়। এক লাখ ৪৫ হাজার নিয়ে আজ রাজধানীর বাসাবোতে এক স্বজনের বাসায় যাচ্ছিলেন তিনি। কিন্তু গুলিস্তান এলাকায় যাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। টাকাগুলো খোয়া গেছে।
সূত্র জানায়, অচেতন আবু বকরের বাড়ি কুষ্টিয়ায়। সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। ইসলামপুরে ভাইয়ের কাপড়ের দোকানে বসতেন তিনি। গুলিস্তানের সিটি করপোরেশন কার্যালয়ের পেছনে অচেতন অবস্থায় পাওয়া যায় তাঁকে। তবে তাঁর মুঠোফোনটি খোয়া গেছে।
গুলিস্তান থেকে অচেতন অবস্থায় মানিক মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি হাসপাতাল সূত্র।
এ চারজনের অচেতন হওয়ার ব্যাপারে জানতে চাইলে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
হাসপাতাল সূত্র জানায়, আনিসুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান নেওয়াজ উদ্দিন নামে তাঁর এক আত্মীয়। নেওয়াজ সাংবাদিকদের জানান, আনিসুর বোরহান উদ্দিন কলেজের গণিতের শিক্ষক। মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এর বেশি কিছু বলতে পারেননি নেওয়াজ।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী জাহান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
কামরুজ্জামান (৩৫) নামে আরেক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম। তিনি সাংবাদিকদের জানান, ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় কামরুজ্জামানকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। জানা গেছে, তাঁর বাড়ি রাজবাড়ী এলাকায়। সিঙ্গাপুরে যাওয়ার ব্যাপারে ৬০ হাজার টাকা নিয়ে তিনি ঢাকায় এসেছেন। কিন্তু তাঁর পুরো টাকাটাই খোয়া গেছে।
কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকা মো. শাহীন (৪০) নামে এক সিএনজি অটোরিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন খিলক্ষেত থানার এসআই ওয়ালিউল্লাহ। এসআইয়ের ধারণা, তাঁর অটোরিকশাটি খোয়া গেছে।
সায়েদাবাদ বাস টার্মিনালে অচেতন পড়ে থাকা সতেন বিশ্বাস (২৬) নামে আরেক যুবককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। জানা গেছে, তাঁর বাড়ি ঝিনাইদহ সদরে। তাঁর সাড়ে তিন হাজার টাকা খোয়া গেছে।
জানতে চাইলে যাত্রাবাড়ী থানার এসআই নয়ন কাড়কুন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।