সাড়ে ১৩ মণ সোনার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স
বনানী ধর্ষণ মামলার আসামি শাফাত আহমেদের বাবা দিলদার আহমেদের প্রতিষ্ঠান আপন জুয়েলার্স সাড়ে ১৩ মণ সোনার কোনো বৈধ কাগজপত্র এখনো দেখাতে পারেনি। গতকাল মঙ্গলবার তিন মণ পাঁচ কেজি সোনার কাগজপত্র শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে দেখানো হলেও তা সঠিক নয় বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।
দ্বিতীয় দফা তলব করার পর গতকাল বেলা সাড়ে ১১টার পর আপন জুয়েলার্সের মালিক তাঁর দুই ভাই গুলজার আহমেদ, আজাদ আহমেদ এবং তাঁদের আইনজীবীকে নিয়ে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে যান।
অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, এই ভুয়া কাগজপত্রের জন্য আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে পৃথক শুল্ক আইনে মামলা করা হবে।
আপন জুয়েলার্সের পক্ষে আইনজীবী তাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমের সব সোনা জব্দ করেছেন। চারটি শোরুম থেকে জব্দ করা সোনার কাগজপত্র জমা দিতে তাঁদের আরও সময়ের প্রয়োজন।