সাড়ে ১৪ কোটি টাকার দরপত্র জমাদানে বাধা
জামালপুর পৌরসভার সাড়ে ১৪ কোটি টাকার কাজের দরপত্র জমাদানে গতকাল মঙ্গলবার ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা এ কাজ ভাগাভাগি করে নেওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর তৃতীয় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে ২১টি রাস্তা ও ৬টি নর্দমা নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়। এগুলোর নির্মাণকাজে ১৪ কোটি ৫০ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে। ৬৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দরপত্র কেনে। গতকাল মঙ্গলবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সর্বনিম্ন দরদাতা এ কাজ পাবেন।
সরেজমিনে গতকাল বেলা একটার দিকে দেখা যায়, পৌরসভার কার্যালয়ের প্রাঙ্গণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও পুলিশ বাহিনীর সদস্যদের ভিড়। এর মধ্যেই জেলা আওয়ামী লীগের সদস্য ও ঠিকাদার সরোয়ার হোসেন দরপত্র জমা দেওয়ার জন্য যান। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে পৌরসভা কার্যালয়ে ঢুকতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল সৃষ্টি হয়। বাধার মুখে সরোয়ার হোসেন দরপত্র জমা দিতে পারেননি।
জেলা আওয়ামী লীগের সদস্য ও ঠিকাদার সরোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পৌরসভার কার্যালয়ের গেটে তালা লাগিয়ে অবস্থান নেন। তাঁদের বাধার মুখে আমিসহ অনেকেই দরপত্র জমা দিতে পারেননি। আমার সঙ্গে থাকা লোকজনদের তাঁরা ধাক্কাধাক্কি করেন। এ সময় কথা-কাটাকাটি ও হট্টগোল ঘটে। অনেক চেষ্টার পরও দরপত্র জমা দেওয়া যায়নি। এসব কাজ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বাঁটোয়ারা করে নেওয়ার পাঁয়তারা করছেন।’
পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ‘দরপত্র জমা নিয়ে পৌরসভায় কোনো হট্টগোল বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুটি প্যাকেজে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। ওই সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এমন কোনো ঘটনা হলে যাঁরা জমা দিতে পারেননি, তাঁরা আমার কাছে আসতেন।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম বলেন, ‘পৌরসভায় দরপত্র নিয়ে নিজেদের মধ্যে সমস্যা হয়েছিল। পরে সব ঠিক হয়ে গেছে। তবে কোনো অভিযোগ আমি পাইনি।’