সাড়ে ১৮ লাখ টাকার সিগারেটসহ বিমানযাত্রী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩০ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেটসহ মোহাম্মদ রাশেদ নামের এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের কাস্টমস হল থেকে তাঁকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, মোহাম্মদ রাশেদ আজ বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকায় আসেন। গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে নজরদারিতে রাখেন। আট নম্বর ব্যাগেজ বেল্ট থেকে মালামাল সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে আনা হয়। এ সময় তাঁর লাগেজের ভেতর ১৭০ কার্টন বেনসন অ্যান্ড হেজেজ ও ৬০ কার্টন ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। শুল্ককরসহ আটক সিগারেটের মূল্য ১৮ লাখ ৪০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দেওয়া জন্য এসব সিগারেট অবৈধভাবে আনা হয়েছে জানিয়ে মইনুল খান বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা থাকতে হবে। এটি না থাকলে বিদেশি সিগারেট আমদানি করা যায় না। এ ছাড়া এসব সিগারেটের ওপর ৪৫০ শতাংশ শুল্ক দিতে হয়। এ শুল্ক ফাঁকির জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।