সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণের শিকার
বাগেরহাট সদরে সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গত শুক্রবার দুপুরে বাগেরহাট মডেল থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। ধর্ষণের অভিযোগ ওঠা কিশোরের বয়স ১৪ বছর। সে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের বড় পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, ‘যার বিরুদ্ধে অভিযোগ, সে-ও শিশু। আমরা তাকে আটক করে আদালতে প্রেরণ করেছি।’
শিশুটির মা বলেন, ‘বুধবার সকালে মেয়েকে বাড়িতে রেখে আমি মাঠে ধান আনতে যাই। তখন আমার মেয়ে খেলতে খেলতে প্রতিবেশীর বাড়িতে যায়। সে সময় অভিযুক্ত কিশোর মোবাইল দেওয়ার কথা বলে মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণ করে। দুপুরের দিকে বাড়িতে এলে মেয়ে আমাকে বলে বাবু তাকে ব্যথা দিছে। তবে সে কিছুই বলতে পারছিল না। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করি।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বাগেরহাটের সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল বলেন, মেয়েটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে। ধর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেডিকেল পরীক্ষা ছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। থানা-পুলিশের রিকুইজিশন ছাড়া আমরা টেস্ট করব না।’